• মমতার TMC-র কমিটি, ঋতব্রতদেরও TMC-র পৃথক কমিটি, কোন তৃণমূলে কে কোন পদে?
    আজ তক | ২৩ জুন ২০২৬
  • তৃণমূল কংগ্রেস তুমি কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের? আর এই প্রশ্নই এখন সাধারণ মানুষের মনে। কারণ, সোমবার বিকেলেই পাঁচতারা হোটেলে 'ঋতব্রত তৃণমূলের' পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল স্পেশাল সেশন বা বিশেষ অধিবেশনের। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই তৈরি হয় 'নব্য তৃণমূলের' কমিটি। বাদ দেওয়া হয় দলের এক সময়ের 'যুবরাজ', 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তাৎপর্যপূর্ণভাবে 'নয়া তৃণমূলের' কমিটিতে বিশেষ জায়গা পেয়েছেন ববি হাকিম ও অরূপ বিশ্বাসের মতো মমতার আস্থাভাজনরা। আর এই ঘোষণার পরই আরও একবার প্রশ্ন উঠছে, দলের মধ্যে কি আরও একঘরে হয়ে যাচ্ছেন মমতা?

    'ঋতব্রত তৃণমূলের' ৩০ জনের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সর্বভারতীয় চেয়ারপার্সন হলেন মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। সহজে বললে, মমতার জায়গায় নতুন কমিটিতে এলেন অরূপ। আর এই নতুন শিবিরের সাধারণ সম্পাদক পদে এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান ও বিপ্লব মিত্র। ওদিকে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। 

    যতদূর খবর, ৩০ মিনিটের জন্য এই স্পেশাল সেশন হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রায় সকলেই। আর সেই বৈঠক থেকেই নতুন কমিটি সামনে আনল 'নব্য তৃণমূল'। এই কমিটি ঘোষণার পর ঋতব্রত বলেন, 'আমরাই তো তৃণমূল কংগ্রেস। নিয়ম মেনেই কমিটি গঠন করেছি। তা আমরা নির্বাচন কমিশনকে জানাব। আগামিদিনে কলকাতায় পার্টি অফিস হবে।'

    যদিও ঋতব্রতপন্থীদের এই নয়া কমিটিকে উড়িয়ে দিয়েছে 'কালীঘাট তৃণমূল'। তাদের পক্ষ থেকে কুণাল ঘোষ বলেন, 'পার্টির একটা গঠনতন্ত্র রয়েছে। এভাবে কমিটি গঠন করা যায় না।'

    এখন প্রশ্ন হল, তাহলে কারা রইল কালীঘাট তৃণমূলে?

    সেই কমিটিটা একবার দেখে নেওয়া যাক-
    মমতা বন্দ্যোপাধ্যায় (চেয়ারপার্সন) 
    সুব্রত বক্সী (সহ-সভাপতি ) 
    অভিষেক বন্দ্যোপাধ্যায় (সর্বভারতীয় সাধারণ সম্পাদক)  
    ডেরেক ও'ব্রায়েন (যুগ্ম সম্পাদক)  
    দোলা সেন (যুগ্ম সম্পাদক)  
    সুভাশিষ চক্রবর্তী  (কোষাধ্যক্ষ) 
    চন্দ্রিমা ভট্টাচার্য (সদস্য এবং রাজ্য সভাপতি)

    এছাড়া রয়েছে ২৪ জনের ওয়ার্কিং কমিটি। সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুভাশিষ চক্রবর্তী,চন্দ্রিমা ভট্টাচার্য, অমিত মিত্র, রাজেশপতি ত্রিপাঠী, অসীমা পাত্র, মলয় ঘটক, গৌতম দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, বুলু চিক বরাইক, মুকুল সাংমা, বৈশ্বানর চট্টোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, নাদিমুল হক, মদন মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও কুণাল ঘোষ।

    'নয়া তৃণমূল' কি বৈধ? 
    এই নিয়ে 'নয়া তৃণমূলের' দাবি, তাঁরা যা করেছেন আইন মেনেই করেছেন। তবে পাল্টা দিয়েছে কালীঘাটের তৃণমূল। তাঁরা জানিয়েছে, এই নিয়ে তাঁরা আদালতে যাবেন। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়, কোন বন্দ্যোপাধ্যায় দখল নেয় তৃণমূলের। 

     
  • Link to this news (আজ তক)