• ২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-রেস্তোরাঁ কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধিতে পদক্ষেপ সরকারের
    দৈনিক স্টেটসম্যান | ২৩ জুন ২০২৬
  • রাজ্যে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত করতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি সরকার। রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটের ঘোষণা অনুযায়ী, শীঘ্রই কলকাতা ও অন্যান্য বড় শহরে ২৪ ঘণ্টা দোকান, রেস্তোরাঁ, অফিস, লজিস্টিক পরিষেবা এবং হসপিটালিটি প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হবে। সরকারের আশা, এই পদক্ষেপের ফলে কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগ আকর্ষিত হবে এবং রাজ্যের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

    বর্তমানে ‘ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ১৯৬৩’-এর আওতায় দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের খোলা রাখার নির্দিষ্ট সময়সীমা রয়েছে। নতুন সরকারের মতে, এই বিধিনিষেধ ব্যবসার প্রসার ও বাণিজ্যিক পরিকাঠামোর পূর্ণ ব্যবহারকে বাধাগ্রস্ত করে। ফলে ব্যবসায়ীদের আয়, কর্মসংস্থানের সুযোগ এবং উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়।

    এই পরিস্থিতি বদলাতে অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা পর্যালোচনা করে ২৪ ঘণ্টা পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শ্রমিকদের অধিকার ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা কার্যকর করা হবে।

    প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে কলকাতা এবং কয়েকটি বড় শহরে চালু হবে। সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হতে পারে। ব্যবসায়ী মহলের মতে, এই সিদ্ধান্ত রাজ্যে নতুন বিনিয়োগের পথ খুলে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)