কোল্ডস্টোরেজ, স্পাইস হাব কৃষকদের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা বাজেটে
দৈনিক স্টেটসম্যান | ২৩ জুন ২০২৬
বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কৃষিক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে একাধিক প্রকল্প ও আর্থিক সহায়তার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
আলুচাষিদের জন্য রাজ্য সরকার প্রতি কুইন্টাল আলু সংগ্রহে অতিরিক্ত ২০০ টাকা দেবে। বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার নির্মাণে ৩৫ শতাংশ ভর্তুকির জন্য ১০০ কোটি টাকা এবং উন্নতমানের বীজ সরবরাহে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশপাশি ধানচাষিদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি ধান কেনার ব্যবস্থা চালু হবে বলে জানানো হয়েছে। খরিফ মরসুমে প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০০ টাকা ইন্সেন্টিভ দেওয়া হবে। আর তার ফলস্বরূপ ধানের ক্রয়মূল্য বেড়ে দাঁড়াবে কুইন্টাল প্রতি ৩,১০০ টাকা।
কৃষকদের আর্থিক সুরক্ষায় ‘পিএম কিষান’ প্রকল্পে বছরে ৬ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া ২০২৬ সালের খরিফ মরসুম থেকে ১৬টি ফসল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আসবে। চাষের খরচ কমাতে সাবমার্সিবল পাম্প ব্যবহারকারী কৃষকদের প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা ভর্তুকি দেওয়া হবে। সেচব্যবস্থার উন্নয়নে তিস্তা ব্যারাজ প্রকল্পে ১১ হাজার কোটি টাকা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ড্রিপ ও স্প্রিঙ্কলার সেচ ব্যবস্থায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ১০০ কোটি টাকার সহায়তা রাখা হয়েছে।
আলু, টমেটো, পেঁয়াজ, ডাল ও তৈলবীজের বাজারদর নিয়ন্ত্রণে ১০০ কোটি টাকার ‘স্টেট প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠন করা হবে।
ফুলচাষের প্রসারে উত্তরবঙ্গ, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ফুলচাষ ক্লাস্টার তৈরির জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার আমচাষিদের রপ্তানি সুবিধা বাড়াতে ভেপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট ও প্যাক হাউস নির্মাণে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পশ্চিমাঞ্চলে লেবুজাতীয় ফল, কিউই, অর্কিড, অ্যাভোকাডো ও ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে গোলমরিচ, আদা, হলুদ, তেজপাতা ও এলাচ চাষের জন্য ‘স্পাইস হাব’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও মাছ চাষ, পশুপালন, ডেয়ারি ও উদ্যানপালনের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে।