যাত্রী নিয়ে উলটে গেল বাস, তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মৃত ২ পুণ্যার্থী
প্রতিদিন | ২৩ জুন ২০২৬
সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা হুগলির আরামবাগে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উলটে গেল। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথেই মৃত্যু হল দুই মহিলার। ঘটনায় জখম বহু। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের আদমবাঁধ এলাকায়। দুর্ঘটনার খবর পেয়েও অ্যাম্বুল্যান্স দেরিতে পৌঁছনো ও উদ্ধারকাজে বিলম্বের অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বর্ধমানের দিক থেকে বর্ধমান-তারকেশ্বর রুটের বাসটি আসছিল। প্রায় ৪০-৫০ জন যাত্রী ছিলেন বাসে। আদমবাঁধ এলাকায় বাসের পাতি ভেঙে গিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। তাঁরাই হাত লাগিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার শুরু করেন। দেখা যায়, ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়েছে। মৃতদের নাম লক্ষ্মী মুর্মু, বয়স ৬৫ বছর ও বছর পঁয়ত্রিশের শর্মিলা সরেন। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের ধাড়ান এলাকায়। তাঁরা তারকেশ্বরে জল ঢালার জন্য যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।