বলিউড ইন্ডাস্ট্রিতে এখন তিনি ‘কিং’। তবে কেরিয়ারের শুরুতে একেবারেই সিনেদুনিয়ায় এমন রাজত্ব ছিল না শাহরুখ খানের। ফিল্মি পরিবারের ছেলে নন তিনি। তবে সেই শাহরুখই এখন হয়ে উঠলেন এই ইন্ডাস্ট্রির বাদশা। প্রথমদিনেই এই জায়গা তৈরি করতে পারেননি অভিনেতা। থিয়েটার থেকেই কেরিয়ার শুরু তাঁর। তখন এমন একটা সময় গিয়েছে যখন এনএসডি-র ছাত্রদের কাছে শিঙাড়া বিক্রি করেছেন অভিনেতা।
সেই সময়ের কথা শুনলে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না আজ। তবে এই ঘটনা বহু বছর আগের। সম্প্রতি, একটি অনুষ্ঠানে এসে সেই পুরোনো স্মৃতি রোমন্থন করেন অভিনেতা পঙ্কজ কাপুর। প্রায় বছর দশেক আগে এনএসডি-তে শিঙাড়া বিক্রি করতেন শাহরুখ?
১৯৯৫ সালে ‘রাম জানে’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন পঙ্কজ। সেই সময়ে তিনি বুঝতে পারেননি, এনএসডি-র সেই বাচ্চা ছেলেটাই শাহরুখ। যে সময়ে চোখের সামনে এমন ঘটনা ঘটছে, তখন এনএসডি-র ব্যাচে পঙ্কজের সঙ্গে ছিলেন নাসিরউদ্দিন শাহের মতো অভিনেতাও। এনএসডি-তে সেই সময়ে শাহরুখের পরিবারের ক্যান্টিন চলত। সেই কারণেই এনএসডি-তে আসতেন শাহরুখ।
এনএসডি-র ওই ক্যান্টিন থেকেই শাহরুখের পরিবারের মূলত আয় ছিল। বাবার মৃত্যুর পরে একটা সময়ে ওই ক্যান্টিন চালাতেন শাহরুখ। পড়াশোনার ফাঁকে ছোটবেলায় স্কুল থেকে ফিরে ঘণ্টা দুয়েক সময় এনএসডি-তে এসে সেখানকার ছাত্রদের শিঙাড়া বিক্রি করতেন। তখনই নাটকের মহড়া দেখে এই জগতের প্রতি ভালোবাসা জন্মায় শাহরুখের। এবং পরবর্তীকালে নিজেও এনএসডি-তে ক্লাস করেন কিং খান।