ভ্যাঙ্কুভার: অনেক আগেই নিশ্চিত হয়েছিল জাতীয় নায়কের মর্যাদা। রবিবারের পর মিশরের ফুটবল ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে মহম্মদ সালাহর নাম। তাঁর সৌজন্যেই বিশ্বকাপে আবির্ভাবের দীর্ঘ ৯২ বছর পর প্রথম জয়ের মুখ দেখল পিরামিডের দেশ। গ্রুপ জি’র ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারাল তারা। গোল করে ও করিয়ে ম্যাচের নায়ক ৩৪ বছর বয়সি মো সালাহ। দলের অপর দুই গোলদাতা মোস্তাফা ও ত্রেজেগুয়ে। কিউয়িদের একমাত্র গোলটি ফিন সারমানের।
ঐতিহাসিক দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি মিশরের। খেলার গতির বিরুদ্ধে ১৫ মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন (১-০)। বিরতির পর কাটে আশঙ্কার কালো মেঘ। ৫৮ মিনিটে দুরন্ত হেডে জাল কাঁপিয়ে ম্যাচে সমতা ফেরান মোস্তাফা (১-১)। ৯ মিনিটে বাদেই মিশরকে কাঙ্খিত লিড এনে দেন সালাহ (২-১)। জিকোর সাথে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে গোল করেন লিভারপুলের তারকা। এরপর ৮২ মিনিটে সালাহর বাড়ানো পাস থেকে ব্যবধান বাড়ান ত্রেজেগুয়ে (৩-১)। এই জয়ের সুবাদে গ্রুপ জি’র শীর্ষে উঠে এল মিশর। উল্লেখ্য, ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের পর এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের মূলপর্বে উঠেছে নীল নদের দেশটি।