• স্টার্ট–আপে নজর শুভেন্দুর সরকারের, বিশেষ তহবিলের প্রস্তাব বাজেটে
    এই সময় | ২৩ জুন ২০২৬
  • এই সময়: বাংলার যে উদ্যোগপতিরা পশ্চিমবঙ্গের বাইরে স্টার্ট–আপ তৈরি করেছেন, বিজেপি ক্ষমতায় আসার পরেই শমীক ভট্টাচার্য তাঁদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ‘ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি’ বাতাবরণ তৈরি করছে বলেও আশ্বাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। বিধানসভায় সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেটে আগামী তিন মাসের মধ্যে রাজ্যে ‘স্টার্ট–আপ পলিসি’ তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এই পলিসি তৈরি হওয়ার পরে নয়া স্টার্ট–আপকে সাহায্য করার জন্য রাজ্য সরকার ৪০ কোটি টাকার ইনকিউবেশন ফান্ড এবং ৬০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করবে। যদি কোনও প্রতিষ্ঠিত বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ রাজ্যে স্টার্ট–আপ তৈরি করতে চান, তা হলে তাঁকে সহায়তা করতে ৫০ কোটি টাকার পৃথক একটি তহবিলও তৈরি করছে রাজ্য সরকার।

    অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ভাষণে বলেছেন, ‘বিশ্বমানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদদের আকর্ষণ করতে এবং প্রযুক্তি–নির্ভর ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলতে চিফ মিনিস্টার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্যালেন্ট অ্যাট্রাকশন ফান্ড তৈরি করা হবে। সেই প্রতিভার অবশ্যই বিশ্বমানের স্বীকৃতি থাকতে হবে, কোনও সুপরিচিত প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী হতে হবে, কোনও ডিপ–টেক স্টার্ট–আপকে সাহায্য অথবা কোনও স্টার্ট–আপ শুরু করতে হবে। এই উদ্দেশ্যে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’

    রাজ্য সরকার মনে করছে, এই উদ্যোগ মেধা আকর্ষণের কাজ করবে। বিদেশে অথবা ভিন রাজ্যে কর্মরত প্রযুক্তিবিদরা রাজ্যে ফিরবেন। সার্বিক ভাবে রাজ্যের কোনও যুবক–যুবতী যদি স্টার্ট–আপ তৈরি করতে চান, তাঁকে সরকারি গ্রান্ট ও ঋণের সুবিধা দিতে চাইছে সরকার। অর্থমন্ত্রীর কথায়, ‘এই প্রকল্পে ২ লক্ষ যুবক ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। যার মধ্যে ৫ লক্ষ টাকা গ্রান্ট এবং ৫ লক্ষ টাকা সুদ–বিহীন ঋণ হিসেবে দেওয়া হবে। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’
  • Link to this news (এই সময়)