• বেকারদের মাসে মাসে ৩০০০ টাকা...! যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে চালু বাংলায়? কারা পাবেন না? কী কী নথি জরুরি! রাজ্য বাজেটে বড় ঘোষণা
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • বাংলার বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার লক্ষ্যে যুবশক্তি প্রকল্পের ঘোষণা আগেই করেছে শুভেন্দু অধিকারী মন্ত্রীসভা। এবার এই প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী বাজেটে জানিয়েছেন, কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে ‘যুবশক্তি’ প্রকল্প চালু করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এই প্রকল্পের অধীনে যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রস্তাব পেশ হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টাল তৈরি করা হলেও, আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ ও বিস্তারিত নির্দেশিকা খুব শিগগিরই জানিয়ে দেবে সরকার। তার আগে আজ বাজেটে ঘোষণা করা হয়ে গেল কবে থেকে চালু হবে যুবশক্তি ভরসা প্রকল্প।

    বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে আগামী অক্টোবর ২০২৬ থেকেই 'যুবশক্তি ভরসা কর্মসূচি’ চালু করা হবে। এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন যুবশক্তি প্রকল্প কর্মসূচি যে সকল পরিবারের আয় মাসে ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে।

    ইস্তেহারেই দাবি ছিল, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বেকারদের প্রচুর কর্মসংস্থান দেওয়া হবে, পরীক্ষার বসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে এমনই আশ্বাস দিয়েছিল বিজেপি। বেকারদের জন্য অন্যতম আকর্ষণ ছিল যুব শক্তি ভরসা কার্ড।

    এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। ক্ষমতায় এসে যুব শক্তি প্রকল্পের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই, এবার বাজেটে সেই ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্প ঘোষণা বেকার যুবকদের মুখের হাসি চওড়া করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

    বেকার যুবকদের জন্য কী কী সুবিধা বাড়ল?এর আগে রাজ্যে চালু থাকা ‘যুবসাথী’ প্রকল্পে বেকার যুবকেরা মাসে ১,৫০০ টাকা পেতেন, নতুন সরকারের 'যুবশক্তি’ প্রকল্পে সেই ভাতার পরিমাণ দ্বিগুণ করে ৩,০০০ টাকা করা হচ্ছে।

    এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ১৫,০০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, নতুন রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে সরকারি ও সরকারপোষিত কলেজের ছাত্র-ছাত্রী, যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এককালীন ৩০,০০০ টাকা টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবশক্তি প্রকল্পের জন্য ৩০ কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৬-২৭ রাজ্য বাজেটে।

    কী কী নথি জরুরি?যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য ভোটার আইডি, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও মার্কশিট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং জাতীয় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের মতো প্রয়োজনীয় নথিগুলি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

    আজ রাজ্য বাজেটের ঘোষণা মতো আগামী অক্টোবর মাস থেকে রাজ্য সরকার এই যুগান্তকারী প্রকল্পের সূচনা করতে চলেছেন। এই নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন। মনে করা হচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীর কাছে এক বড়সড় স্বস্তি এনে দিতে চলেছে এই প্রকল্পের ঘোষণা।
  • Link to this news (News18 বাংলা)