• ভাঙনের দুর্ভোগের দিন ফুরিয়ে এসেছে, নতুন সরকারের প্রথম বাজেটেই বরাদ্দ ৫০ কোটি
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • গঙ্গা ভাঙন প্রতিরোধে রাজ্য বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ, আশার আলো দেখছেন ভাঙন কবলিত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে লালগোলা, ফরাক্কার বাসিন্দারা। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের প্রথম বাজেটেই গঙ্গা ভাঙন প্রতিরোধে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ঘোষণায় আশার আলো দেখছেন মুর্শিদাবাদের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ, ফরাক্কা, লালগোলা সহ একাধিক এলাকা দীর্ঘদিন ধরেই গঙ্গার ভাঙনের কবলে।

    প্রতি বছর বর্ষা এলেই আতঙ্ক বাড়ে নদীপাড়ের মানুষের মধ্যে। গঙ্গার ভাঙনে বহু পরিবার ইতিমধ্যেই বাড়িঘর, চাষের জমি ও ভিটেমাটি হারিয়েছে। কয়েকশো পরিবারকে বারবার নতুন করে আশ্রয়ের সন্ধান করতে হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতীতে ভাঙন রোধে অর্থ বরাদ্দ হলেও অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্ষা নামলেই সেই ব্যবস্থা কার্যত ভেস্তে যায় এবং নতুন করে নদীভাঙন শুরু হয়। প্রসঙ্গত, গত কয়েক বছরে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।

    গঙ্গা নদীর ভাঙনে সামশেরগঞ্জের শিবপুর, চাচন্ড, প্রতাপগঞ্জ, ধানঘড়া-সহ বহু এলাকার কয়েক হাজার বাড়ি গঙ্গা নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। নদীতে বিলীন হয়ে গিয়েছে কয়েক হাজার একর জমি।  পূর্বতন সরকার মুর্শিদাবাদে ভাঙন প্রতিরোধের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করলেও সেই টাকার বেশিরভাগ অংশই নেতা-নেত্রীদের পকেটে গিয়েছে বলে বারে বারে অভিযোগ উঠেছে। তার ফলে সামশেরগঞ্জের মানুষের দুর্ভোগ বিন্দুমাত্র কমেনি। ফের বর্ষাকাল চলে আসায় সামশেরগঞ্জে নতুন করে গঙ্গা নদীর ভাঙন শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

    কিন্তু তারই মধ্যে রাজ্য সরকার ভাঙন প্রতিরোধে ৫০ কোটি টাকা বরাদ্দ করায় কিছুটা আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক নুর আলম বলেন, “সম্প্রতি মালদা জেলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠকে আমরা মুর্শিদাবাদে নদী ভাঙনের সমস্যা তাঁকে লিখিতভাবে জানিয়েছিলাম। এখানে নদী ভাঙন সমস্যা এতটাই বড় যে এর মোকাবিলা করতে হলে কেন্দ্রীয় সেচ মন্ত্রকের সাহায্য দরকার। কেবলমাত্র বালির বস্তা ফেলে সামশেরগঞ্জের গঙ্গা নদীর ভাঙন আটকানো সম্ভব নয়।”

    জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখার্জি বলেন, “আমার সরকারের কাছে একাধিক দাবি ছিল। তার মধ্যে আপাতত তিনটে দাবি এই বাজেটে পূরণ হয়েছে। রঘুনাথগঞ্জ শহরে মেয়েদের জন্য গার্লস কলেজ তৈরির দাবি সরকার মেনে নিয়েছে এই বাজেটে।” তিনি বলেন, “জঙ্গিপুরে গঙ্গা ভাঙন প্রতিরোধের রাজ্য সরকার আপাতত ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে, পরে আরও টাকা বরাদ্দ হবে।
  • Link to this news (News18 বাংলা)