ঘোড়ামারার কাছে হুগলি নদীতে বালি বোঝাই ট্রলারডুবি ঘটনায় নিখোঁজ ২ ট্রলারকর্মী। ভরা কোটালের জেরে উত্তাল নদী আর খামখেয়ালি আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে ওই পণ্যবাহী ট্রলারটি। দক্ষিণ ২৪ পরগনার সাগরের ঘোড়ামারার কাছে হুগলি নদীতে বালি বোঝাই করে ওই পণ্যবাহী ট্রলারটি আসছিল।
ঘোড়ামারা দ্বীপের কাছে নদীর উত্তাল ঢেউ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চড়ায় ধাক্কা মেরে ডুবে যায়। ঘটনার সময় কাছাকাছি থাকা মাছ ধরার শুধু নৌকার মৎস্যজীবীরা ট্রলারের মাঝিকে নদী থেকে উদ্ধার করতে পারলেও, এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ট্রলারে থাকা দুই শ্রমিকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ঘাট থেকে বালি বোঝাই করে সাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই পণ্যবাহী ট্রলারটি।
ট্রলারটি যখন সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছাকাছি পৌঁছয়, তখন আচমকাই হুগলি নদীর খরস্রোতের মুখে পড়ে ওই মালবাহী ট্রলারটি। আবহাওয়া খারাপ থাকায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবো চড়ায় ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ট্রলারে জল ঢুকতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে সেটি নদীতে ডুবে যায়। দুর্ঘটনাটি নজরে আসতেই কাছাকাছি থাকা কয়েকটি মাছ ধরার নৌকার মৎস্যজীবীরা এগিয়ে আসে উদ্ধারের জন্য।