• অফিস-স্কুল যাওয়া যেন এক বড় চ্যালেঞ্জ! টানা ২ ঘণ্টার বৃষ্টিতে নাজেহাল শিলিগুড়ি, কাঠগড়ায় পুরসভা
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • : মঙ্গলবার সকালে টানা প্রায় দু’ঘণ্টার প্রবল বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহরের একাধিক এলাকা। শহরের ব্যস্ততম স্বামীজি মোড়-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু সমান জল জমে যায়। সকালবেলায় অফিস, স্কুল-কলেজ এবং অন্যান্য কাজে বের হওয়া মানুষজনকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়। অনেক এলাকায় রাস্তার উপর এতটাই জল জমে যে যানবাহন চলাচলও ব্যাহত হয়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পর স্বামীজি মোড়, হিলকার্ট রোড সংলগ্ন এলাকা, বাজার ও আবাসিক এলাকার বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। রাস্তার উপর দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে থাকায় পথচারীদের পাশাপাশি সমস্যায় পড়েন যানবাহনের চালকরাও। বহু মোটরবাইক ও ছোট গাড়িকে জমা জল ঠেলে এগোতে দেখা যায়। কিছু ক্ষেত্রে যানজটেরও সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই শহরের একাধিক এলাকায় একই চিত্র দেখা যায়। সামান্য সময়ের ভারী বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে যাওয়া নিকাশি ব্যবস্থার দুর্বলতার প্রমাণ বলেই মনে করছেন তারা। অনেক জায়গায় নিকাশি নালা বুজে যাওয়া বা সঠিকভাবে জল নিষ্কাশন না হওয়ার কারণেই এই সমস্যা আরও প্রকট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    বাসিন্দাদের একাংশ জানান, জল জমে থাকার কারণে কোথায় রাস্তা শেষ হয়ে নালা শুরু হয়েছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং স্কুল পড়ুয়াদের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়। অনেকেই জুতো হাতে নিয়ে জল পেরিয়ে গন্তব্যে পৌঁছতে বাধ্য হন। এদিকে শহরের বিভিন্ন এলাকায় জল জমার ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ির নিকাশি ব্যবস্থা।

    বাসিন্দাদের দাবি, অস্থায়ী সমাধানের বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে জলনিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেলেও, দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন শহরবাসী। তাদের বক্তব্য, প্রতি বর্ষাতেই একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে, অথচ এখনও পর্যন্ত কার্যকর কোনও সমাধান চোখে পড়েনি। ফলে সামান্য বৃষ্টিতেই শিলিগুড়ির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ার ঘটনা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
  • Link to this news (News18 বাংলা)