• উসকো-খুসকো চুল, অবিন্যস্ত পোশাক, ১০০ দিন পর হঠাৎ মেয়ের সন্ধান পেলেন বাবা! বিধাননগরে তরুণীর খোঁজ..
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • কথায় বলে মেয়েদের কাছে বাবা তাদের ‘আসল হিরো’। সেই কথার একদম জলজ্যান্ত প্রমাণ বীরভূমের বাসিন্দা অর্ধেন্দু সিংহ। প্রায় ১০০ দিনেরও বেশি সময় ধরে মেয়ে নিখোঁজ। যেখানে হাজার খোঁজাখুঁজি করার পরেও প্রশাসন ব্যর্থ হয়েছে, সেখানে বাবা হাল ছেড়ে দেননি। নিখোঁজ মেয়ের সন্ধানে বুকে ও পিঠে প্ল্যাকার্ড লাগিয়ে পথে নামেন। সেই প্ল্যাকার্ডে লেখা যোগাযোগের নম্বর, চেহারার বর্ণনা, মেয়ের পরিচয়, পাশাপাশি ঠিক কত তারিখ থেকে নিখোঁজ হয়েছিল তার সমস্ত তথ্য।

    বীরভূম জেলার সদর শহর সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা বছর ২৪-এর অমৃতা সিংহ। ১৩ মার্চ দুপুর থেকে তিনি নিখোঁজ। বাবা জানান মোবাইল, টাকা কিছু না নিয়েই মেয়ে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। এরপরে বাড়ির আত্মীয়-স্বজনদের থেকে খোঁজাখুঁজি শুরু হয় তবে খোঁজ মেলেনি তরুণীর। মেয়ে নিখোঁজ হওয়ার দিনই পুলিশের দ্বারস্থ হন অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ। পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু হয়, খতিয়ে দেখা হয় সিসি ক্যামেরার ফুটেজ। সিসি ক্যামেরায় ধরা পড়ে অমৃতা সেদিন বাসে করে সিউড়ি থেকে মল্লারপুর পর্যন্ত এসেছিলেন, তবে তারপর সে কোথায় চলে যায়, সেটা তখন জানা যায়নি।

    অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ জানান, “আমার মেয়ে ছোট থেকেই পড়াশোনায় খুবই ভাল। পরিবারের সহযোগিতা ছাড়াই নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করার ইচ্ছে ছিল ছোট থেকেই। আর এই বিষয় নিয়ে সে সব সময় চিন্তায় থাকত।” এমনভাবেই সময় কেটে যায় প্রায় তিন মাস, কিন্তু মেয়েকে ফিরে পাননি। তাই শেষমেশ মেয়ের ছবি নিয়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। সোমবার তাকে দেখা গিয়েছে বীরভূম জেলার রামপুরহাট শহরে। রামপুরহাট শহরের একটি ক্লাবের সঙ্গে কথা বলে সেখানেই দু’দিন রাত্রিবাস করেন।

    অর্ধেন্দু সিংহ জানান, যেহেতু মেয়েকে মল্লারপুরের রাস্তার দিকে দেখা গিয়েছিল তাই তিনি রামপুরহাট, তারাপীঠ, নলহাটি এই সমস্ত শহর ও গ্রামে মেয়ের খোঁজে ঘুরে বেড়াবেন। তবে সোমবার রাতের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে অমৃতাকে দেখা গিয়েছে কলকাতার বিধাননগর এলাকায়। এই খবর পেয়ে এইদিন বিধাননগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্ধেন্দু সিংহ। তিনি জানান, “সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখে আমি বিধাননগর এসেছি, তবে আমার মনে হচ্ছে যে ছবি ভাইরাল হয়েছে সেটা আমার মেয়ে নয়, তরুণীর সঙ্গে আমার দেখা হয়নি এখনও, সামনাসামনি দেখা হলে বিষয়টা পরিষ্কার হবে।”
  • Link to this news (News18 বাংলা)