• "সেই ত ভাই মল খসালি! তবে কেন লোক হাসালি?", শমীক ভট্টাচার্যের বাড়িতে সৌরভ পালধিকে দেখে চূড়ান্ত কটাক্ষ কৌশিক করের
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • কলকাতা: ঘটনা ২০২১-এর৷ ঘুম নেই নাটক থেকে কৌশিক করকে বাদ দেন সৌরভ পালধি৷ তিনি সেই সময় পোস্ট করে জানান যে, বিজেপিতে যোগ দেওয়ার কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে৷ তিনি লেখেন, ঘুম নেই নাটক থেকে কৌশিক কর কে বাদ দেওয়া হল, কারণ বিজেপিতে যোগ দিয়েছে আর বর্তমান সময় সেটাই বাদ দেওয়ার যথেষ্ট কারণ৷ মেহনতী মানুষের নাটকে সাম্প্রদায়িকদের ঠাঁই নেই৷ তাই চল ফোট….

    ৫ টা বছর পেরিয়ে গেছে৷ সৌরভ পালধির ছবি অনেকদিন পর-মুক্তি পথে৷ ২৬ জুন মুক্তি পাবে ছবি৷ এর আগে তাঁর ছবি অঙ্ক কি কঠিন প্রশংসিত হয়েছিল৷ ফলে এই ছবি নিয়ে প্রত্যাশা রয়েছে৷ ছবির ট্রেলারে মুক্তি পেয়েছে৷ সেখানেও ধরা পড়েছে অসম্ভব সারল্য৷ রয়েছে ভালবাসার পাশাপাশি বিষাদের সুর৷ এই ছবিটি প্রযোজনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ ছবির ট্রেলার নিজে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন৷ যা দেখে অসম্ভব খুশি পরিচালক সৌরভ৷ এর জন্য তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন৷ কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কারণেই এতটা বড় সম্মান তিনি পেয়েছেন বলে মনে করছেন সৌরভ পালধি৷

    কৌশিক করের বিতর্কিত পোস্ট

    তবে এই ছবি নিয়ে ইতিমধ্যে বিতর্কেও জড়িয়েছেন সৌরভ৷ অনেকদিন পর ছবি মুক্তি পাচ্ছে ২৬ জুন৷ সেই ছবির আমন্ত্রণ জানাতে ছবির প্রযোজক-পরিচালক প্রসেনজিৎ ও সৌরভ পৌঁছে গিয়েছেন বিভিন্ন বিশিষ্ট মানুষদের কাছে৷ কখনও তাঁরা গিয়েছেন অরুণ মুখোপাধ্যায়, শমীক বন্দ্যোপাধ্যায় , বিপ্লব চ্যাটার্জির বাড়ি আবার পৌঁছে গিয়েছেন বিমান বসু, শমীক ভট্টাচার্যের বাড়ি৷ আর এখানেই শুরু হয় বিতর্ক৷

    সৌরভ চিরকাল বাম মনোভাবাপন্ন৷ ফলে শমীর ভট্টাচার্যের কাছে পৌঁছে যাওয়া নিয়ে নানা কথা শুরু হয়েছে৷ অনেকে মনে করছেন যে শাসকদলের থেকে সুবিধা পেতেই তাঁর এই পদক্ষেপ৷ বিশেষ করে নাট্যকর্মী-অভিনেতা কৌশিক করের ফেসবুক পোস্ট সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে৷

    সৌরভের সেই পুরনো পোস্ট তুলে ধরে কৌশিক লেখেন, “সেই ত ভাই মল খসালি! তবে কেন লোক হাসালি? ভাই Saurav Palodhi, তোকে আমি অন্ততঃ এই ভেবে সম্মান করতাম যে, আর যাই হোক, ছেলেটা নিজের আদর্শের প্রতি অনড়। তাই আমার নিজের খারাপ লাগলেও, মনে মনে স্যালুট করেছিলাম এটাই ভেবে যে তুই তোর রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্টে যা করেছিস বেশ করেছিস। এইবারে ব্যাপারটা ক্লিয়ার হোলো।যাই হোক, কেরিয়ার বাঁচাতে করছিস এসব, এইটা ভেবে আবার ক্ষমা করে দিলাম। স্নেহ নিম্নগামী জানিস ত! তোর অপরিপক্ক বয়সের কথা ভেবেই মুচকি হেসে দিলাম জাস্ট।”

    সৌরভের একটি পুরনো পোস্টের ছবি দিয়ে এটা লিখেছেন কৌশিক৷

    তবে এর উত্তর দিয়েছেন সৌরভও৷ তিনি বলেছেন যে শমীক ভট্টাচার্য শুধুমাত্র একজন রাজনীতিক নন, তিনি সংস্কৃতি মনস্ক৷ থিয়েটার-সিনেমা দেখতে যান নিয়মিত৷ তাঁকে ‘অনেকদিন পর’ ছবির আমন্ত্ জানানো হয়েছে সেই কারণেই৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷
  • Link to this news (News18 বাংলা)