• ঋতব্রতর আগেই নির্বাচন কমিশনকে জাতীয় কর্মসমিতির চিঠি, দাবি মমতার সঙ্গে থাকা তৃণমূল বিধায়কদের
    eTV Bharat | ২৩ জুন ২০২৬
  • কলকাতা, 23 জুন: দলের বিরুদ্ধাচরণ করা বিধায়কদের আগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা ৷ এমনই দাবি মমতা-পন্থী তৃণমূলের ৷ আরও দাবি ঋতব্রতদের আগেই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বিস্তারিত বিবরণ জানানো হয়েছে কমিশনকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের আবহে প্রকাশ্যে এল এমনই নয়া দাবি ! গত শনিবার 24 সদস্যকে নিয়ে এই কর্মসমিতি গঠিত হয় বলে জানিয়েছেন কালীঘাট-পন্থী তৃণমূল বিধায়করা৷

    এদিকে সোমবার উলুবেড়িয়া-পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নয়া জাতীয় কর্মসমিতি গঠনের কথা ঘোষণা করা হয়েছে ৷ সেই চিঠি নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে ৷ জাতীয় স্তরের এই ওয়ার্কিং কমিটিতে নেই দলের প্রতিষ্ঠাতা তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ৷ বাদ গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও ৷ ঋতব্রত-পন্থী এই দল গত 3 জুন থেকে নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করে চলেছে ৷

    এই পরিস্থিতিতে কালীঘাট-পন্থী তৃণমূলের দাবি, সোমবার নিউটাউনের হোটেল থেকে ঋতব্রত শিবির সাংবাদিক বৈঠক করার আগেই দলের নতুন জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করে তা নির্বাচন কমিশনকে পাঠানো হয়ে গিয়েছে ৷

    গত 2 জুন দলবিরোধী কাজের জন্য ঋতব্রতকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস ৷ পরদিনই তাঁর নেতৃত্বে 58 জন বিধায়কের একটি দল বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গে দেখা করে চিঠি দেন ৷ এই 'বিদ্রোহী' বিধায়করা ঋতব্রতকে বিরোধী দলনেতা দাবি করেন এবং অধ্যক্ষ সেই দাবিকে স্বীকৃতি দিয়ে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিধানসভার বিরোধী দলনেতার মর্যাদা দেন ৷ এই বিষয়টি আদালতে গড়িয়েছে এবং কলকাতা হাইকোর্ট ঋতব্রতর বিরোধী দলনেতা হিসাবে নিযুক্ত করায় কোনও স্থগিতাদেশ দেয়নি ৷ মানে খাতায়কলমে তিনিই এখন বিরোধী দলনেতা ৷
  • Link to this news (eTV Bharat)