• শুরু হল পৌষালীর নতুন সফর 'পটচিত্র'
    eTV Bharat | ২৩ জুন ২০২৬
  • কলকাতা, 23 জুন: জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গীত সঙ্গীদের নিয়ে শুরু হয়েছে এক নতুন সৃজনশীল প্রয়াস- ‘পটচিত্র’। যাঁদের দর্শক এতদিন মঞ্চে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে দেখে এসেছেন, তাঁদের সকলকে নিয়ে গড়ে উঠেছে এই নতুন উদ্যোগ।

    ‘পটচিত্র’ নামকরণ কেন? এই প্রসঙ্গে পৌষালী জানান, "আমাদের সুরের বোধ, জীবনবোধ এবং সঙ্গীতকে ঘিরে বেড়ে ওঠার অভিজ্ঞতা প্রত্যেকেরই আলাদা। কিন্তু সেই ভিন্নতাকে সঙ্গে নিয়েই আমরা একসূত্রে বাঁধা পড়েছি নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে। সেই সৃষ্টিকে মানুষের সামনে তুলে ধরার জন্য ‘পটচিত্র’-এর চেয়ে উপযুক্ত নাম আর হতে পারে না। কারণ বাংলার পটচিত্র যেমন লোকশিল্পের মাধ্যমে সমাজের নানা দিক ও স্তরকে নিজস্ব রঙে ফুটিয়ে তোলে, তেমনই আমরাও সুরের নিজস্ব রঙে আমাদের ভাবনা ও অনুভূতিকে তুলে ধরতে চাই।"

    ‘পটচিত্র’-এর প্রথম পরিবেশনা হিসেবে পৌষালী বন্দ্যোপাধ্যায় ও তাঁর গানের দল বেছে নিয়েছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অমর সৃষ্টি ‘আমি ফুল বন্ধু, ফুলের ভ্রমরা’- গানটিকে । এই পরিবেশনার মাধ্যমে তাঁরা লোকসঙ্গীতের ঐতিহ্যকে নতুন ভাবনা ও উপস্থাপনার সঙ্গে মিলিয়ে শ্রোতাদের সামনে এক নতুন সঙ্গীত অভিজ্ঞতা তুলে ধরতে চলেছেন সঙ্গীতায়োজনে ও পরিবেশনায় শুভজিৎ রায় এবং সোহম ভৌমিক। ড্রামস- এ শুভাশিস রায়, ওয়ার্ল্ড পারকাশনে রূপম মণ্ডল, দোতারা ও বুজুকিতে সোহম ভৌমিক, বাঁশিতে পার্থসারথি দাস এবং গিটারে শুভজিৎ রায় সঙ্গত করেছেন।

    গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন শুভজিৎ রায়। রেকর্ডিং সম্পন্ন হয়েছে অডিও লেক স্টুডিওতে এবং সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে ছিলেন গৌতম বসু। ভিডিও নির্মাণের দায়িত্বে ছিলেন অভিষেক আগরওয়াল, যিনি ডিরেক্টর অব ফটোগ্রাফি এবং সম্পাদনার কাজও করেছেন। লোকসঙ্গীতের চিরন্তন আবেদনকে নতুন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা ‘পটচিত্র’ ভবিষ্যতে আরও নানা সঙ্গীত উপস্থাপনার মাধ্যমে তার যাত্রা অব্যাহত রাখবে- এমনটাই আশা রাখছেন পৌষালী বন্দ্যোপাধ্যায় ও তাঁর গানের দলের সদস্যরা। এই নতুন গান মুক্তি পেয়েছে পৌষালীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ।
  • Link to this news (eTV Bharat)