• প্রথমবার বাংলা সিনেমা পরিচালনায় উজান, ছোটবেলার স্মৃতি ফেরাচ্ছেন বড়পর্দায়
    eTV Bharat | ২৩ জুন ২০২৬
  • কলকাতা, 22 জুন: এর আগে নেটফ্লিক্সের মতো ওটিটি-তে মুক্তি পেয়েছে তাঁর কাজ ৷ হিন্দি সিরিজ পরিচালনার পর এবার প্রথমবার বড়পর্দায় পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে অভিনেতা উজান গঙ্গোপাধ্যায় ৷

    শৈশবের পরিচিত ছড়া, কল্পনার রঙিন জগৎ আর তার আড়ালে লুকিয়ে থাকা রহস্য- সবকিছুর মিশেলেই আসছে নতুন বাংলা ছবি ‘কাতুকুতু বুড়ো’। প্রযোজনা সংস্থা ঘোষণা করেছে, ছবিটি আগামী 24 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে যা পরিচালনা করেছেন উজান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার, যেখানে গোলাপি ও নীল রঙের তীব্র বৈপরীত্যে তৈরি হয়েছে এক রহস্যময় আবহ। পোস্টারটি ইঙ্গিত দেয় এমন এক জগতের, যেখানে শৈশবের কল্পনা ও বাস্তবতার সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়।

    'কাতুকুতু বুড়ো' ছবিতে একটি জনপ্রিয় বাংলা ছড়ার ভাবনাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। ছবির ভিজ্যুয়াল ভাষা, প্রতীকী চিত্রকল্প এবং রঙের ব্যবহারে ফুটে উঠেছে ফ্যান্টাসি ও বাস্তবের দ্বন্দ্ব, একই সঙ্গে শৈশবের বিস্ময় এবং অজানা রহস্যের আবহ। ছবির প্রযোজনায় শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি। নির্মাতাদের দাবি, 'কাতুকুতু বুড়ো' দর্শকদের জন্য হতে চলেছে এক অভিনব সিনেম্যাটিক অভিজ্ঞতা।

    শুধু পরিচালনা নয়, এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে উজানকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী রাপূর্ণা ভট্টাচার্য্য। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় পা রাখছেন রাপূর্ণা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Banerjee)। রাহুলের অভিনীত শেষ ছবিগুলির মধ্যে অন্যতম এটিও। সোশাল মিডিয়ায় এই সিনেমার পোস্টার শেয়ার করেছেন, কৌশিক-চূর্ণী স্বয়ং। স্বভাবতই, ছেলের এমন কৃতিত্বে আপ্লুত তাঁরা ৷ সব দিক ঠিক থাকলে মহানায়কের প্রয়াণ দিবস অর্থাৎ 24 জুলাই মুক্তি পাবে ‘কাতুকুতু বুড়ো’।
  • Link to this news (eTV Bharat)