শক্তিপীঠ সার্কিট থেকে চৈতন্য মহাপ্রভু, বাংলার ধর্মীয় পর্যটনে বিশেষ গুরুত্ব বাজেটে
eTV Bharat | ২৩ জুন ২০২৬
বীরভূম/কলকাতা, 22 জুন: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পর্যটনকে ৷ ধর্মীয় পর্যটনে যে বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। এদিনের বাজেটে তার স্পষ্ট ইঙ্গিত মিলল। তীর্থস্থানগুলি ও ধর্মীয় পর্যটনকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে 'বেঙ্গল শক্তিপীঠ সার্কিট'-এর প্রস্তাব বাজেটে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সিদ্ধপীঠ তারাপীঠ-সহ বীরভূমের পাঁচটি সতীপীঠ নিয়ে গড়ে উঠতে চলেছে এই সার্কিট ৷
বীরভূমের ঐতিহ্যবাহী সিদ্ধপীঠ তারাপীঠ-সহ সতীপীঠ কঙ্কালীতলা, বক্রেশ্বর, ভ্রামরীদেবী, নন্দিকেশ্বরী, ফুল্লরা প্রভৃতিকে 'বেঙ্গল শক্তিপীঠ সার্কিট'-এর আওতায় এনে 'হেরিটেজ' পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে বলে জানান অর্থমন্ত্রী ৷ অর্থাৎ, ঢেলে সাজানো হবে এই পীঠস্থানগুলি ৷ ভক্তদের সুবিধার্থে একগুচ্ছ পরিকল্পনাও নেওয়া হয়েছে ৷ এর জন্য 'হেরিটেজ কমিশন' গঠন করা হবে বলেও জানা গিয়েছে ৷ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বললেন, "পশ্চিমবঙ্গের প্রধান প্রধান শক্তিপীঠগুলিকে কেন্দ্রকে বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে। একটি ক্লাস্টার্ড হাব অ্যান্ড স্পোক পদ্ধতির মাধ্যমে এই মন্দিরগুলিকে বিশিষ্ট আধ্যাত্মিক পর্যটনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা।"
তিনি আরও জানান, একটি প্রধান জেলা শহরকে কেন্দ্র করে একাধিক মন্দিরকে সংযুক্ত করে উপযুক্ত পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়াও শ্রীচৈতন্য দেবকেও আলাদা করে গুরুত্ব দেওয়া হল বাজেটে। শ্রীচৈতন্যের ধর্মীয় ও সামাজিক চিন্তাকে শ্রদ্ধা জানাতে 'চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট' গড়ার ঘোষণাও করা হয়েছে এদিন বাজেটে। মায়াপুরকে একটি অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান অর্থমন্ত্রী। এর জন্য তিন বছরে এক হাজার কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। পুরী ও দেওঘরে তীর্থযাত্রীদের থাকার সুবন্দোবস্তের জন্য পিপিপি মডেলে সুলভে থাকার ব্যবস্থা করা হবে বলেও জানানো হল রাজ্য বাজেটে।
অন্যদিকে, বীরভূমের জন্য একগুচ্ছ ঘোষণা করা হয়েছে বাজেটে ৷ ভগ্নপ্রায় তিলপাড়া জলাধার নতুন করে নির্মাণে 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, বীরভূমের সিউড়িতে গড়ে উঠছে নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অন্যদিকে, সিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠতে চলেছে চারটি সড়ক বিশিষ্ট সেতু ও জলাধার ৷ ইতিমধ্যেই তারজন্য রাজ্য বাজেট অনুযায়ী 800 কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে।
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ৷ নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে সিউড়িতে, এটা অত্যন্ত খুশির খবর ৷ আর এই তিলপাড়া ব্রিজ নিয়ে আন্দোলন করে জেল খেটেছি আমরা। আজ বাজেট পেশ হতেই বিজেপি কর্মীদের সেই কষ্ট যেন নির্মূল হল ৷ বীরভূম জেলাবাসী খুবই খুশি। এটা জনগণের সরকার।"