• কারও স্কুল ড্রেসে রক্তের ছোপ, কারও মাথায় ব্যান্ডেজ, কান্দিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুল বাস
    এই সময় | ২৩ জুন ২০২৬
  • কান্দিতে স্কুল বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। চালক-সহ ৯ পড়ুয়া জখম হয়েছে। মঙ্গলবার দুপুরে কান্দি-বড়ঞা রাজ্য সড়কের ঘোষবাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান এলাকার লোকজন।

    এ দিন দুপুরে কান্দির ঘনশ্যামপুরের একটি বেসরকারি স্কুলের বাস ঘোষবাটির দিকে যাচ্ছিল। ভিতরে কচিকাঁচাদের কেউ তখন জানলা দিয়ে উঁকিঝুঁকি মারছে, কেউ আবার পাশের সিটে বসে থাকা বন্ধুর সঙ্গে অনর্গল বকে চলেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই বিকট শব্দে বাস আর লরি মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় স্কুল বাসের সামনের অংশ। বাসে থাকা ৯ জন পড়ুয়া এবং চালক গুরুতর জখম হন।

    দুর্ঘটনার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত উদ্ধার করে রক্তাক্ত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় তাদের বাড়িতেও। কারও মাথায় আঘাত লেগেছে, কেউ চোট পেয়েছে হাতে।

    এলাকাবাসীর অভিযোগ, এই স্কুল বাসটি প্রায় প্রতিদিনই অত্যন্ত বেপরোয়া গতিতে যাতায়াত করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)