• তুমুল ঝড়বৃষ্টি কলকাতায়, গাছ ভেঙে একাধিক রাস্তা বন্ধ, ভারী দুর্যোগের সতর্কতা
    এই সময় | ২৩ জুন ২০২৬
  • তুমুল ঝড়বৃষ্টি কলকাতায়। মঙ্গলবার সকাল থেকে বিশ্রী গরমে গলদঘর্ম হতে হয়েছে শহরবাসীকে। দুপুর ২টো নাগাদ হঠাৎই আকাশ ঢাকল কালো মেঘে। এর পরেই ঝেঁপে বৃষ্টি, সঙ্গে বেপরোয়া হাওয়া। কলকাতার বিভিন্ন জায়গায় দুর্যোগ শুরু হয়। বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ। জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে উপড়ে পড়ে গাছ।

    হাওয়া অফিস দুপুর ২টো ৪০ থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। কমলা সতর্কতা পুরুলিয়াতেও। তীব্র বৃষ্টির সঙ্গে বজ্রপাত, দমকা বাতাসের পূর্বাভাস শুনিয়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার থাকবে।

    যে হেতু বজ্রপাতের সতর্কতা রয়েছে, তাই সকলকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শও দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। একই সঙ্গে পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ।

  • Link to this news (এই সময়)