আজকাল ওয়েবডেস্ক: নদীয়া জেলা পরিষদে বিদ্রোহ। দিন কয়েক আগে, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে ২৭ জন সদস্য সই করে চিঠি জমা দিয়েছেন। এবার তাঁদের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের। মহুয়া একটি পোস্ট করেছেন তাঁর ফেসবুকে, সেখানেই একাধিক বিষয় নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন।
কী লিখেছেন মহুয়া? লিখেছেন- 'নদীয়া জেলা পরিষদের অবৈধ অনাস্থার পেছনের দুই মাথার অবস্থা দেখেন- নাটের গুরু ৩ মাস আগে ৪০ লক্ষ টাকা দিয়ে যে দলের টিকেট কিনতে চেয়েছিলো সেই মানুষই আজ অন্য সদস্যদের উষ্কাচ্ছে "এই পাইয়ে দেব ওই পাইয়ে দেব”বলে ।আরেকজন সোনার চাপে পলাতক।আরেকজন বারবাকপুরের নেত্রীর স্বামী ফোনে বলছেন "করিমপুরের ৮ সদস্যদের ১০ লক্ষ করে দিলে অনাস্থা তুলে নেবে "। আরেকজন করিমপুরের নেত্রী ফোনে আফসোস করছেন যে কোন একটা "৬ পার্সেন্ট কমিশন " এর ভাগ তাকে দেওয়া হয় নি। লিলুফার হোসেন বেথুয়া মার্কেট এ ৩টি ঘর কেন পাইনি সেটা তার চিন্তা । ২৭ জন যারা সই করেছেন প্রত্যেককে বলছি আপনারা এখুনি "তুহি দীপক টিনা কংগ্রেস "এ নাম লেখান এবং বোর্ড ফেলুন ,আগামী পঞ্চায়েত নির্বাচনের টিকিট এই পার্টি থেকেই নেবেন ।মমতাদি ও প্রকৃত কর্মীরা শান্তি পাবেন ও দলের শুদ্ধিকরণ হবে। যেই কর্মী মমতাদির সাথে আছে তাদের কে বলবো এই স্বার্থপর সুবিধাবাধী ২৭জন বেঈমান নিজের পথে হাঁটুক - আমরা নতুন করে গড়ে নেবো।'
এই প্রসঙ্গে উল্লেখ্য, নদিয়ার করিমপুরে তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় তিন কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছে। সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টের নাজিরপুর এলাকায় টিনার বাড়িতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। অভিযানে প্রায় তিন কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্য গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদের সময় টিনা ভৌমিক সাহার নাম উঠে আসে। এরপরই তদন্তের সূত্র ধরে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সব্যসাচী দত্তকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই টিনা ভৌমিক সাহা একসময় তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী ছিলেন। গত লোকসভা নির্বাচনের আগে নদিয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পান সব্যসাচী দত্ত। সেই সময় থেকেই টিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে বলে রাজনৈতিক মহলের দাবি। ধীরে ধীরে সেই সম্পর্ক পারিবারিক ঘনিষ্ঠতায় রূপ নেয়। নদিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সম্প্রতি একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় সব্যসাচী দত্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে।