• শুভেন্দুর মোকাবিলায় 'জনতার দরবার' কালীঘাটে?
    আজকাল | ২৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জনতার দরবার শুরু হয়েছিল তৃণমূল জমানাতেও। মানুষের কথা শুনতে দিদিকে বলো'র মতো কর্মসূচিও শুরু হয়েছিল। তবে ধীরে ধীরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে অভিযোগ।

    তবে ২৬-এর ভোটে গো-হারান হেরে তৃণমূল কংগ্রেস এবার  আত্মসমীক্ষার পথে হাঁটছে পুনরায়। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, এবার থেকে মমতা ব্যানার্জির কালীঘাটে পুনরায় বসবে 'জনতার দরবার'। সূত্রের খবর, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে, দু' জনে বসবেন।

    সেখানে সাধারণ মানুষের কথা শুনবেন তাঁরা। মঙ্গলবার সকালেও তা নিয়ে বৈঠক বসে কালীঘাটে। যদিও এই বিষয়ে কালীঘাট-তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও তথ্য সামনে আনা হয়নি।

    অন্যদিকে, বঙ্গে বিজেপি সরকার আসার পর, জনতার দরবার কর্মসূচি শুরু করেছে বিজেপি সরকার। সরকারে বসেই মানুষের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে এবং সরাসরি আমজনতার অভাব-অভিযোগ শুনতে জনতার দরবারে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেখানে বহু মানুষ, নিজেদের অভাব-অভিযোগ নিয়ে জনতার দরবারে আসছেন বিশেষ  দিনে। তার মাঝেই জানা যাচ্ছে, এবার কালীঘাটেও সাধারণ মানুষের কথা শুনবেন মমতা-অভিষেক। তৃণমূলের পক্ষ থেকে এখনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে তা বাস্তবায়িত হলে, সাধারণ মানুষ তাঁদের কোন দাবি নিয়ে যাবেন মমতার কাছে, নজর সেদিকেই। 

    উল্লেখ্য, পরিবর্তিত পরিস্থিতিতে একাধিক বিষয় নিয়ে প্রায় দিনই কালীঘাটের বাড়িতে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসছেন মমতা ব্যানার্জি। থাকছেন অভিষেক ব্যানার্জিও। কোনও বৈঠকে সিদ্ধনাত নেওয়া হচ্ছে দলের কমিটি নিয়ে, কোনও বৈঠকে আলোচনা হচ্ছে আগামীর রুটম্যাপ নিয়ে।  

     
  • Link to this news (আজকাল)