• ‘অভয়বাণী’ রাজ্য সরকারের! স্বস্তিতে অরূপ বিশ্বাস
    আজকাল | ২৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: যুবভারতীতে মেসি কাণ্ডে আপাতত বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ তাঁকে আগেই আইনি রক্ষাকবচ দিয়েছিল। এই হেভিওয়েট নেতার গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই রক্ষাকবচ আপাতত বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চেও। 

    এই মামলার শুনানিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন বলে মঙ্গলবার হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার। 

    কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের দেওয়া রক্ষাকবচের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং অরূপ বিশ্বাসের গ্রেপ্তারি দাবি করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন যুবভারতী কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শতদ্রু দত্ত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়।

    শতদ্রু দত্তের আইনজীবী আদালতে জানান, যুবভারতী কাণ্ডে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর এবং জামিন অযোগ্য অভিযোগ রয়েছে। কিন্তু তারপরও এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করেনি। ঘটনার পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র একটি এফআইআর দায়ের করা ছাড়া আর কোনও অগ্রগতিই নেই।

    অন্যদিকে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত মামলার আইনি গ্রহণযোগ্যতা নিয়েই বড়সড় প্রশ্ন তোলেন। তাঁর যুক্তি, আদালত যখন কোনও মামলার তদন্ত নিয়ে সুনির্দিষ্ট নির্দেশ জারি করে দেয়, তখন সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বাইরে থেকে প্রশ্ন তোলার বা বলার কোনও আইনি অধিকার মূল অভিযোগকারীর নেই। ফলে এই মামলাটি আদালতের অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত।

    দুই পক্ষের যুক্তি শোনে পর আদালত জানতে চায়, অরূপ বিশ্বাস কি আদৌ পুলিশি তদন্তে যথাযথ সহযোগিতা করছেন? প্রাক্তন মন্ত্রী কি নিম্ন আদালতে কোনও আগাম জামিনের আবেদন জানিয়েছেন এবং তিনি কি নিয়মিত মামলার তদন্তকারী আধিকারিকের বা আইও-র কাছে গিয়ে হাজিরা দিচ্ছেন? 

    জবাবে রাজ্যের সরকারি আইনজীবী জানান যে, অরূপ বিশ্বাস আইন মেনে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। নির্দিষ্ট সূচি অনুযায়ী থানায় হাজিরাও দিচ্ছেন। 

    রাজ্যের এই বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানি সাময়িকভাবে মুলতুবি রাখে হাইকোর্ট। আগামী ২ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন।

     
  • Link to this news (আজকাল)