আজকাল ওয়েবডেস্ক: সেনার সদস্য সেজে সাধারণ মানুষ ও সরকারি কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের হেস্টিংস থানা। অভিযুক্তদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি এবং সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি ‘জঙ্গলি’ ইউনিফর্ম বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আকাশ সোনার ওরফে বিজয় সোনার এবং শেখ আব্বাসউদ্দিন। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশ সন্দেহজনক একটি স্করপিও গাড়ি আটক করে। গাড়িতে থাকা এক যুবককে সেনাবাহিনী বা অন্য কোনও নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা যায়। অপর যুবকটি গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আকাশ নিজেকে সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেওয়ার উদ্দেশ্যে ওই পোশাক পরেছিলেন। তাঁর সহযোগী শেখ আব্বাসউদ্দিন গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশের দাবি, দু'জন মিলে পরিকল্পিতভাবে সাধারণ মানুষ, ট্রাফিক পুলিশ এবং অন্যান্য সরকারি আধিকারিকদের বিভ্রান্ত করে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন।
তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়া পুলিশ তাঁদের আটক করে। পুলিশ সূত্রে আরও খবর, জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের কর্মকাণ্ডের কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে হেস্টিংস থানার পুলিশ দু'জনকেই গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তের পরিহিত ইউনিফর্ম এবং ব্যবহৃত গাড়িটি তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে।
লালবাজার পুলিশ জানিয়েছে, এটি একটি স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে রুজু হয়েছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।