আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলে এখন রীতিমতো শিবিরের যুদ্ধ চলছে। আসল তৃণমূল, নকল তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল- নানা ভাগে বিভক্ত ঘাসফুল শিবির। শেষ পর্যন্ত কার হাতে দলের রাশ থাকবে, তা নিয়ে রীতিমতো জল্পনা চলছে।
এই পরিস্থিতিতে ফের বিদেশ যেতে চাইছেন অভিষেক ব্যানার্জি। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।
বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মঙ্গলবার আবেদন করেছেন তৃণমূল সাংসদ। প্রায় এক সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। আগামিকাল এই মামলার শুনানি হতে পারে।
বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই সিআইডি, পুলিশ, ইডি, সিবিআই-সব তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন অভিষেক। বারবার তাঁকে নানা মামলায় হাজিরাও দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে ফের বিদেশ যাওয়ার আবেদন করলেন অভিষেক।
তিন বছর আগে সুপ্রিম কোর্ট এ বিষয়ে নির্দেশ দিয়েছিল, বিদেশে যেতে হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে আগাম জানাতে হবে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে। সেই নির্দেশ অনুসারে, ইডিকে চিঠিও লিখেছিলেন অভিষেক। কিন্তু পরে অভিষেক শীর্ষ আদালতে জানান, তাঁর চিঠির পরেও ইডির তরফে কোনও উত্তর আসেনি। এরপর সুপ্রিম কোর্টই তাঁকে অনুমতি দেয়।
২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। গুরুতর আঘাত লাগে তাঁর। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁ চোখ। দীর্ঘদিন টানা বিদেশে চিকিৎসা চলে তাঁর। চোখে একাধিক বার অস্ত্রোপচারও করা হয়েছে তাঁর। এরপর নির্দিষ্ট সময়ের পর তাঁকে চিকিৎসার জন্য যেতে হয়। আমেরিকার জন হপকিন্স হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। ফের সেখানেই চিকিৎসা করাতে যেতে চাইছেন অভিষেক।