• পুজোর আগেই রাজ্যে ১৬ হাজার কনস্টেবলের চাকরি, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যা জানা জরুরি
    আজ তক | ২৩ জুন ২০২৬
  • রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হয়েছে গত সোমবার। তাতে সব মিলিয়ে পুলিশে ২০ হাজার নিয়োগের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং জানিয়ে দিয়েছেন, পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। খুব দ্রুত পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর।

    সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে থাকা শূন্যপদ দ্রুত পূরণ করা হবে । মোট ১ লক্ষ নিয়োগের মধ্যে ২০ হাজার পদ পুলিশ বিভাগে, ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী, ১ হাজার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর) এবং বাকি পদগুলি বিভিন্ন সরকারি দফতরে পূরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নকে । বাজেট প্রস্তাব অনুযায়ী, মোট শূন্যপদের ৩৩ শতাংশ শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে । অর্থাৎ ঘোষিত ১ লক্ষ সরকারি চাকরির মধ্যে ৩৩ হাজার মহিলা প্রার্থীরা সরাসরি সুযোগ পাবেন ।

    শুধু নতুন নিয়োগ নয়, বয়সসীমা নিয়েও বড় স্বস্তি দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের । সরকারি চাকরির ক্ষেত্রে যে ৫ বছরের বয়সের ছাড় ইতিমধ্যেই চালু ছিল, তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে । ফলে বয়সের কারণে এতদিন আবেদন করতে না-পারা বহু প্রার্থী ফের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে । শিক্ষাক্ষেত্রে নিয়োগের পাশাপাশি আইন-শৃঙ্খলা আরও মজবুত করতে পুলিশে ২০ হাজার নিয়োগের সিদ্ধান্তকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল । একই সঙ্গে যেখানে প্রযোজ্য, সেখানে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখার কথাও ঘোষণা করা হয়েছে । এছাড়া সিভিল ডিফেন্স কর্মীদের জন্য মাসে ন্যূনতম ২০ দিনের কাজ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।

     রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, প্রতি মহকুমায় থাকবে একটি করে মহিলা থানা। প্রতি থানায় থাকবে নারী সহায়তা ডেস্ক। শহরের ব্যস্ত এলাকায় এবং সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। রাজ্য পুলিশের রিজার্ভ স্কোয়াডে মাতঙ্গিনী হাজরা এবং রানি শিরোমনির নামে দু'টি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ন স্থাপন করা হবে। 

    মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, পুজোর আগেই রাজ্য পুলিশের ১২ হাজার এবং কলকাতা পুলিশের ৪ হাজার কনস্টেবলকে পুজোর আগেই নিয়োগ করা হবে। ওবিসি জটে এতদিন এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। প্রসঙ্গত, পুজোর আগেই কলকাতা বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণা আগেই করেছিলেন শুভেন্দু। 

    জানা গিয়েছে, মোট চার হাজার কনস্টেবল নিয়োগ করা হবে কলকাতা পুলিশে। এই পদে আবেদনের জন্য সাধারণত বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হয়। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকে। কলকাতা পুলিশের নির্ধারিত নিয়ম মেনে নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

    আবেদনকারীদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হয়। পাশাপাশি বাংলা ভাষায় লেখা, পড়া এবং কথোপকথনে স্বচ্ছন্দ হতে হয়। তবে দার্জিলিং বা কালিম্পং জেলার বাসিন্দাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়াররা যদি চাকরিতে তিন বছর সম্পূর্ণ করে থাকেন, তা হলে তাঁরাও সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করতে পারেন। এ ছাড়াও শারীরিক পরিমাপের মাপকাঠি ধার্য করা হয় এই পদগুলিতে আবেদনের জন্য, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়। সংশ্লিষ্ট পদগুলিতে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, শারীরিক পরিমাপের পরীক্ষা (পিএমটি), শারীরিক সক্ষমতার পরীক্ষা (পেট), চূড়ান্ত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর পদগুলিতে কর্মী নিয়োগ করা হয়।

    কনস্টেবল হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন
    সরকারি বিদ্যালয় থেকে দশম শ্রেণি পাশ করলে কনস্টেবল পদে আবেদন করা যায়। বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হয়। প্রার্থীকে ভারতের নাগরিক হতে হয়। সাধারণ বিভাগের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছর। এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর। সাধারণ বিভাগের পুরুষদের ক্ষেত্রে ১৬৭ সেন্টিমিটার উচ্চতা এবং গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬০সেন্টিমিটার উচ্চতা থাকতে হয়। সাধারণ বিভাগের মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেন্টিমিটার, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং এসটি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার থাকতে হয়।

    নিয়োগ প্রক্রিয়া
    পশ্চিমবঙ্গে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে অনেকগুলি ধাপ রয়েছে। প্রথমে প্রার্থীকে এক ঘন্টার মোট ১০০ নম্বরের প্রিমিলিনারি পরীক্ষা দিতে হয়। এর পর, পুরুষদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়নোর, শারীরিক মাপকাঠির(পিএমটি) এবং দক্ষতার (পিইটি) পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা পাশের পর প্রার্থীকে ১ ঘন্টার ৮৫ নম্বরের মূল পরীক্ষা দিতে হয়। এর পর প্রার্থীকে ইন্টারভিউ রাউন্ড অতিক্রম করতে হবে। সবশেষে, এই পরীক্ষাগুলি পাশের পর প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণের শেষে কনস্টেবল হিসাবে নিয়োগ করা হয়। পরীক্ষাগুলিতে মূলত সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলি, প্রাথমিক গণিত,ইংরেজি, যৌক্তিক বিশ্লেষণের উপর প্রশ্নপত্র তৈরি করা হয়। কনস্টেবল পদে নিযুক্ত হয়ে কোনও কর্মী চাইলে পুলিশ বিভাগের আভ্যন্তরীণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর পদে উন্নীত হতে পারেন।

    মূলত, ttps://wbpolice.gov.in/ এই ওয়েবসাইটটি এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
  • Link to this news (আজ তক)