• উত্তরের মতো দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলে ভিজবে কলকাতা?
    দৈনিক স্টেটসম্যান | ২৩ জুন ২০২৬
  • সকালে রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই ঝেঁপে নামছে বৃষ্টি। আবহাওয়ার এমন মুড সুইংয়ে কার্যত নাজেহাল অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। তবে সম্প্রতি পরিস্থিতির কিছুটা বদল ঘটেছে। আপাতত দক্ষিণবঙ্গে তেমন প্যাচপ্যাচে গরম নেই। তবে আর্দ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি বজায় থাকবে। কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কার্যত বেহাল দশা। মঙ্গলবার কি উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বহাল থাকবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

    হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

    অন্যদিকে, মঙ্গলবার কলকাতায় সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। তবে কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)