ফিরহাদ-অরূপ-রথীন-সহ ৭ শীর্ষ নেতাকে বহিষ্কার করলেন মমতা, ঋত যোগে কোপ
দৈনিক স্টেটসম্যান | ২৩ জুন ২০২৬
ক্ষমতা থেকে সরে যেতেই তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গিয়েছে। একদিকে গড়ে উঠেছে ‘আসল তৃণমূল’। যার নেতৃত্বে রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর একটি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এই নিয়ে রাজ্য-রাজনীতিতে দড়ি টানাটানি চলছে। একাধিক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। এমনকী পরাজিত নেতারাও গুটি গুটি পায়ে এক শিবির থেকে অন্য শিবিরে চলে যাচ্ছেন। এই ঋত-যোগ স্পষ্ট হতেই বহিষ্কারের লম্বা লাইন পড়ে গিয়েছে। এবার মঙ্গলবার সেটাই রাজনীতির আঙিনায় সাড়া ফেলে দিয়েছে।
এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূল’ এখন বেপরোয়া মেজাজে চলছে। তাতে চাপে পড়ে না গিয়ে সোজা ব্যাটে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মারকাটারি পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত থাকা শীর্ষ নেতাদের এবার বহিষ্কার করল কালীঘাট তৃণমূল। এই বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন—ফিরহাদ হাকিম, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন এবং স্নেহাশিস চক্রবর্তী। আর আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছিল।
অন্যদিকে ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে সোমবার শোকজ করা হয়েছিল। আর রাত কাটতেই মঙ্গলবার বহিষ্কার করল তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ঋতব্রত গোষ্ঠী ইতিমধ্যেই কমিটি গঠন করেছে। তাতে বাদ পড়েছে মমতা-অভিষেক। আর যুক্ত হয়েছেন অরূপ-ফিরহাদ-সহ অন্যান্যরা। তাই তাঁদের বহিষ্কার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জাভেদ খান দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরাজিত হওয়ার পর জানিয়েছিলেন, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসু্স্থতার অজুহাত দিয়ে দলের সব পদ থেকে সরে গিয়েছিলেন। সেখানে মঙ্গলবার গোপনে বিধানসভায় গিয়ে ঋতব্রতর সঙ্গে দেখা করে এসেছেন জ্যোতিপ্রিয়।
তাছাড়া সোমবার নিউটাউনের বিলাসবহুল হোটেলে ঋতব্রতদের নেতৃত্বে দলের বিশেষ অধিবেশনে নতুন করে ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসমিতি। সেখানে মমতা এবং অভিষেকের কোনও জায়গাই হয়নি। দলের চেয়ারপার্সন হয়েছেন অরূপ রায়। সাধারণ সম্পাদক ঋতব্রত-সহ চারজন। সেখানে ফিরহাদ হাকিমও জায়গা পেয়েছেন। মঙ্গলবার দুপুরে কালীঘাট তৃণমূলের পক্ষ তাঁদের বহিষ্কার করা হল। সূত্রের খবর, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়-সহ আটজনকে বহিষ্কার করা হয়েছে।