• ‘পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন’, নিট প্রশ্নফাঁস কাণ্ডে উলটে রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
    প্রতিদিন | ২৩ জুন ২০২৬
  • পরপর দু’বছর নিট প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে পালটা রাহুল গান্ধীকে তোপ দাগলেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মন্তব্য, ছাত্রছাত্রীদের বিপথে চালিত করছেন কংগ্রেস নেতা। এক ধরনের অস্থিরতা তৈরি করছেন তিনি।

    ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, বিরোধীরা প্রশ্ন তুলতেই পারে কিন্তু নিম্ন শ্রেণির রাজনীতি করছেন রাহুল গান্ধী এবং তাঁর দল কংগ্রেস। কোটায় কংগ্রেস নেতার নেতৃত্বে ছাত্রসম্মেলন, নিট প্রশ্নফাঁস নিয়ে তাঁর সমালোচনা পছন্দ হয়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। তিনি বলেন, “বিরোধী দলের প্রশ্ন করার অধিকার রয়েছে। কিন্তু পরীক্ষার তিন দিন আগে রাহুল গান্ধী কোটায় একটি কর্মসূচি করেন ছাত্রছাত্রীদের ভয় দেখাতে, তাঁদের প্রস্তুতি ব্যাহত করতে।” ধর্মেন্দ্রর অভিযোগ, রাহুল চেয়েছিলেন দ্বিতীয়বারের পরীক্ষাটিও ব্যর্থ হোক।

    পড়ুয়াদের আত্মহত্যার ঘটনাকে ‘রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে বলেও রাহুল গান্ধীকে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দায়ভার গ্রহণ করছি, কিন্তু কংগ্রেস যে শিক্ষার্থীদের মৃত্যুকে রাজনীতির কাজে ব্যবহার করছে তা ‘ঘৃণ্য’। মন্ত্রীর অভিযোগ, কোনও সমাধান সূত্র না দিয়ে কেবল “কটূক্তি ও অভিযোগের রাজনীতি” চলছে। তিনি বলেন, “ব্যবস্থার উন্নতির বিষয়ে রাহুল গান্ধী বা কংগ্রেসের কাছ থেকে একটিও গঠনমূলক পরামর্শ আমার চোখে পড়েনি।”

    প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত সমস্যা-সহ নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাহুল গান্ধী ও কংগ্রেস বারবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে। গত সপ্তায় কোটায় প্রতিবাদী ছাত্রসভা আয়োজন করে কংগ্রেস। রাহুল অভিযোগ করেন, এই পরীক্ষা ব্যবস্থা “কারচুপিতে ভরা” এবং “শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির” কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। যদিও হাজর সমালোচনাতেও পদ ছাড়েননি ধর্মেন্দ্র প্রধান।
  • Link to this news (প্রতিদিন)