‘আসল’ তৃণমূলের কমিটিতে, ফিরহাদ-অরূপ-রথীনদের দল থেকে তাড়ালেন মমতা
প্রতিদিন | ২৩ জুন ২০২৬
ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের বহিষ্কার করল কালীঘাট তৃণমূল। গতকাল, সোমবার রাতে ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের উত্তর পাওয়ার আগেই কালবিলম্ব না করে তাঁদের বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীদের বহিষ্কার করা হয়েছে। ফিরহাদরা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, ‘আসল’ তৃণমূলের কমিটিতেও অনেকেই রয়েছেন।
এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। ঘটনাক্রমে তাঁদের সকলেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে। আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে! সেই ইঙ্গিতও দিয়েছেন ঋতব্রত। গতকাল এই ‘আসল’ তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকও হয়েছে। সোমবার নিউটাউনের পাঁচতারা হোটেলে তাঁদের নেতৃত্বে দলের বিশেষ অধিবেশনে নতুন করে ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসমিতি। তাতে মমতা কিংবা অভিষেকের কোনও জায়গাই হয়নি। দলের চেয়ারপার্সন হয়েছেন অরূপ রায়। সাধারণ সম্পাদক ঋতব্রত-সহ চারজন।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা রয়েছেন। তাই নিয়ে জোর জল্পনা দেখা দেয়। শুধু তাই নয়, মঞ্চে ঋতব্রতের পাশে বসেছিলেন হাওড়ার বিধায়ক, মমতার স্নেহধন্য অরূপ রায়। মঞ্চে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনরা। এরপর রাতেই কালীঘাট তৃণমূলের পক্ষ ফিরহাদ-অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়। আজ, মঙ্গলবার দুপুরেই কালীঘাট তৃণমূলের পক্ষ তাঁদের বহিষ্কার করা হল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়-সহ আটজনকে বহিষ্কার করা হল।