বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিধানসভায় এদিন প্রথম বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। সেখানেই বিরোধীদের কর্মসূচিতে বাধা নয়, বলে জানিয়েছেন তিনি। “রোজ মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না।” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা দিলেন শুভেন্দু। প্রাক্তন মুখ্যমন্ত্রী রানি রাসমণি সরণীতে অবস্থানের আবেদনের জানিয়েছিলেন। রাজ্যের তরফে ধর্মতলার ওয়াই চ্যালেনে অবস্থানের ছাড়পত্র দেওয়া হয়। সেই কথা এদিন জানান মুখ্যমন্ত্রী।
তৃণমূল আমলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। সেসময় তাঁর রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিত তৃণমূল সরকার। প্রত্যেক কর্মসূচির অনুমতির জন্য আদালতে যেতে হত শুভেন্দুকে। আদালতের নির্দেশে ফের সেইসব সভা, মিছিল করতে যেতেন সেইসময়ের বিরোধী দলনেতা। বিধানসভা থেকেও শুভেন্দু অধিকারীকে একাধিকবার সাসপেন্ড করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিধানসভার প্রথম জবাবি ভাষণে বিরোধীদের কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল সরকার পাঁচ বছরে কতবার হাউস থেকে বের করেছেন? পাঁচ বার বের করেছেন। সাড়ে ১১ মাস বাইরে রেখেছেন। কত মামলা করেছেন? ১০২ মামলা হয়েছে। আমরা এখনও বলিনি মুখে লিউকোপ্লাস্ট লাগাতে।” বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে, সেই কথাও বলেন তিনি।