• নদীতে ভেসে উঠল মহিলা ও শিশুকন্যার দেহ, বড় রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • মহিলা ও শিশু কন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীর চড় থেকে এক মহিলা ও এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন দুপুরে এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রামাপুর স্কুল বাড়িঘাট সংলগ্ন রায়মঙ্গল নদীর চড়ে এদিন দুপুরে হঠাৎই এক গৃহবধূ ও এক কন্যা শিশুর মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি নজরে আসতেই এলাকায় ভিড় জমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নদীর চরে পাশাপাশি অবস্থায় মৃতদেহ দুটি দেখতে পাওয়া যায়। এরপরই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হিঙ্গলগঞ্জ থানায় খবর দেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে মহিলা ও কন্যা শিশুর মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। তবে মৃতদেহগুলির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি আশপাশের বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ সংক্রান্ত কোনও অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    মৃতদেহ দুটি নদীতে ভেসে এসেছে নাকি অন্য কোথাও থেকে এনে ফেলে দেওয়া হয়েছে, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশের অনুমান।
  • Link to this news (News18 বাংলা)