• 'মেয়ে'র ছবি দেখে বিধাননগর ছুটে এসেছিলেন অসহায় বাবা, কিন্তু থানায় ঢুকতেই 'ইনি' কে? যা বললেন বাবা..
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • অনেক আশা নিয়ে বিধাননগরে পৌঁছেছিলেন, কিন্তু খুঁজে পেলেন না মেয়ে অমৃতাকে, খালি হাতে বাড়ি ফিরছেন সিউড়ির সেই অসহায় বাবা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফোন নম্বর দেখে এক অটোচালক খবর দিয়েছিলেন নিখোঁজ তরুণীর পরিবারকে। বিধাননগরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরতে থাকা এক তরুণীকে দেখে তাঁর মনে হয়েছিলেন, তিনিই হয়তো দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা সিউড়ির অমৃতা সিংহ। সেই খবর পেতেই আশায় বুক বেঁধে সিউড়ি থেকে কলকাতার আসেন অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ। কিন্তু শেষ পর্যন্ত থানায় পৌঁছলে বুঝতে পারেন, ওই তরুণী তাঁর মেয়ে নন। ফলে ফের একবার নিরাশ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে।

    জানা গিয়েছে, বীরভূমের সিউড়ির ডাঙালপাড়ার বাসিন্দা ২৪ বছরের অমৃতা সিংহ গত ১৩ মার্চ থেকে নিখোঁজ। দুর্গাপুরের একটি বেসরকারি কলেজ থেকে ফার্মাসিস্টের পড়াশোনা শেষ করে বাড়ি ফেরেন, কিন্তু তারপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি। অসুস্থ বাবা-মায়ের দেখাশোনার চাপও ছিল। কিন্তু আচমকাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তারপর থেকেই মেয়ের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বাবা অর্ধেন্দু সিংহ। মেয়ের সন্ধান পেতে তাঁর হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমেও উঠে আসে তাঁর অসহায়তার কথা। সেই সূত্র ধরেই সোমবার রাতে এক অটোচালক সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্ক এলাকার ফুটপাতে লাল কুর্তি ও প্যান্ট পরা ওই তরুণীকে শুয়ে থাকতে দেখেন। ওই তরুণীকে দেখে তাঁর অমৃতা বলে মনে হয়।

    অটোচালক এরপর স্থানীয় কয়েকজনকে ডেকে দেখান ওই তরুণীকে, তাঁরাও অমৃতা বলেই সন্দেহ প্রকাশ করেন। এরপর সোশ্যাল মিডিয়া থেকে অর্ধেন্দু সিংহের ফোন নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তরুণীর ছবিও পাঠানো হয় অসহায় বাবাকে। ছবি দেখে নিজের মেয়ে বলেই মনে হয় অর্ধেন্দু সিংহের। খবর পেয়েই তড়িঘড়ি কলকাতার উদ্দেশে রওনা দেন আশাবাদী বাবা। এরপর স্থানীয় বাসিন্দারা বিধাননগর সাউথ থানার পুলিশকেও বিষয়টি জানান। তবে মঙ্গলবার থানায় পৌঁছে অর্ধেন্দু সিংহ বুঝতে পারেন, তরুণী তাঁর মেয়ে নন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আশার আলো নিয়ে এলেও শেষ পর্যন্ত ফের হতাশাই সঙ্গী। তবুও মেয়েকে ফিরে পাওয়ার আশা ছাড়তে নারাজ তিনি। এখনও বিভিন্ন সূত্রে খোঁজ চালিয়ে যাচ্ছে অমৃতার পরিবার। নিখোঁজ তরুণীর নিরাপদে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁর অসুস্থ বাবা-মা।
  • Link to this news (News18 বাংলা)