: গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। তাহেরপুর থানা এবং ড্রাগ কন্ট্রোল বিভাগের যৌথ অভিযানে বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের স্টেশন পাড়া এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের অবৈধ ওষুধ। উদ্ধার হওয়া ওষুধের তালিকায় রয়েছে বিভিন্ন নামী কোম্পানির কফ সিরাপ, গ্যাসের ওষুধ এবং ব্যথার ওষুধ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেশন পাড়া এলাকার ওই বাড়িতে এক মহিলাকে সঙ্গে নিয়ে ভাড়া থাকতেন অভিযুক্ত ব্যক্তি। বাড়ি ভাড়ার আড়ালে দীর্ঘদিন ধরেই সেখানে রমরমিয়ে চলছিল নিষিদ্ধ ও অবৈধ ওষুধের কারবার। এরপর গোপন সূত্রে খবর পেয়েই তাহেরপুর থানার পুলিশ ও ড্রাগস অ্যান্ড কন্ট্রোল টিমের আধিকারিকরা আচমকা ওই বাড়িতে হানা দেন। ঘর জুড়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। উদ্ধার হয় কার্টন কার্টন ওষুধ, যার কোনও বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি ওই ব্যক্তি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছে। তদন্তকারীদের কাছে সে জানিয়েছে, উদ্ধার হওয়া ওষুধগুলির বেশিরভাগই আদতে ‘ফিজিশিয়ানস স্যাম্পল’। অর্থাৎ, বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা (এমআর) ডাক্তারদের প্রচারের উদ্দেশ্যে যে সমস্ত ওষুধ বিনামূল্যে দিয়ে থাকেন, সেগুলিই অবৈধভাবে সংগ্রহ করে কালোবাজারি করা হচ্ছিল। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে কোনও বড় চক্র বা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ যুক্ত আছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।