স্কুল শিক্ষিকাও ছিলেন টিনা, সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক
News18 বাংলা | ২৩ জুন ২০২৬
নদিয়া জেলা থেকে উত্থান৷ কিন্তু জেলার একাধিক তৃণমূল নেতানেত্রীর সঙ্গে সম্পর্ক ভাল ছিল না টিনা ভৌমিক সাহার৷ অথচ কলকাতার নেতানেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সূত্রেই জেলা রাজনীতিতে দিন দিন দাপট বেড়েছিল জেলা পরিষদ সদস্য টিনার৷ কলকাতার যে নেতানেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল টিনার, তাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত৷ সেই ঘনিষ্ঠতা এমন পর্যায় পৌঁছয় যে আস্থাভাজন টিনার বাড়িতেই সব্যসাচী তোলাবাজির টাকায় কেনা তিন কেজিরও বেশি সোনার গয়না সব্যসাচী লুকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ৷
নদিয়ার তেহট্ট থানা এলাকার নাজিরপুরের বাসিন্দা ছিলেন টিনা৷ তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার সঙ্গেও টিনার সম্পর্ক ভাল ছিল না৷ টিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন৷ তৃণমূল আমলেই টিনা প্রাথমিক স্কুল শিক্ষিকার চাকরি পেয়েছিলেন৷ তেহট্টের তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস সাহা অভিযোগ করেছিলেন, দুর্নীতির মাধ্যমেই প্রভাব খাটিয়ে এই চাকরি পেয়েছিলেন টিনা৷
শুধু তাই নয়, এক সময়ে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি মহুয়া মৈত্রের সঙ্গে সুসম্পর্ক থাকলেও গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তৃণমূল সাংসদের সঙ্গে দূরত্ব তৈরি হয় টিনার। এরপর থেকেই কলকাতার নেতা নেত্রীর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেন টিনা ভৌমিক। মূলত তাঁদের মদতেই এলাকায় নিজস্ব দাপট তৈরি করেন তিনি।
অভিযোগ, নদিয়া জেলায় তৃণমূলের বঙ্গজননী সংগঠনের সভানেত্রী হওয়ার পর থেকেই কলকাতায় যাতায়াত বাড়তে থাকে টিনার৷ জেলা নেতাদের অনেকের সম্পর্ক ভাল না থাকলেও কলকাতার নেতাদের সঙ্গে সুসম্পর্কের সুবাদে জেলায় পদ এবং প্রভাব বেড়েছিল টিনার৷ তাঁর আমন্ত্রণেই গত কয়েক বছরে একাধিকবার নদিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলেন সব্যসাচী৷ আবার সব্যসাচীর ডাকে টিনাও আসতেন কলকাতায়৷ সেই ঘনিষ্ঠতা এমন পর্যায় পৌঁছয় যে ভরসা করে টিনার বাড়িতেই সব্যসাচী বিপুল পরিমাণ সোনা কিনে লুকিয়ে রেখেছিলেন সব্যসাচী৷