অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় জানানো হোক। বিক্ষোভ করতে চাইলে, তারও অন্য উপায় রয়েছে। কিন্তু ডিম ছুড়ে বিক্ষোভ দেখানো যাবে না। তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে আসা জমায়েতকে এই বার্তা দিয়ে পুলিশকর্তা হুঁশিয়ারি দিলেন, ‘অসভ্যতা করলে কড়া পদক্ষেপ করা হবে।’
বঙ্গরাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মঙ্গলবার হুগলির ডানকুনিতে আইসি শান্তনু সরকারের এই হুঁশিয়ারি প্রত্যাশিত ভাবেই অনেকের নজর কেড়েছে। ঘটনাচক্রে, সোমবারই ডিম ছুড়ে বিক্ষোভ দেখানো নিয়ে বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই ধরনের বিক্ষোভের তীব্র সমালোচনা করে শমীক জানিয়েছে, এটা কোনও দলেরই কর্মসূচি হতে পারে না। এর জোরালো প্রতিবাদও যে হওয়া উচিত— সে কথা জানাতেও দ্বিধাবোধ করেননি শমীক।
স্থানীয় সূত্রে খবর, ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থার বেহাল দশা, কয়েক সপ্তাহ ধরে আবর্জনা সংগ্রহ করতে বাড়ি বাড়ি যাচ্ছেন না সাফাইকর্মীরা, এই অভিযোগ তুলে মঙ্গলবার দক্ষিণ সুভাষপল্লিতে তৃণমূল কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ দেখাতে যান কয়েক জন। কাউন্সিলার বাইরে বেরিয়ে তাঁদের সঙ্গে কথাও বলার চেষ্টা করেন। অভিযোগ, সেই সময়েই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন কয়েক জন। তাঁর মাথায় ডিম ফাটানো হয়।
এলাকায় শোরগোলের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। যান শান্তনু নিজেই। এর পরে তিনিই মাইক হাতে বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিয়ে জানান, এলাকায় গন্ডগোল করা যাবে না। কাউন্সিলারকে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করতে গেলে পুলিশকেও বাধা দেওয়া হয়। পরে অবশ্য দেবাশিসকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।