• দুই জেলাতে বাজ পড়ে একের পর এক মৃত্যু!
    আজকাল | ২৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: যাত্রী বোঝায় নৌকায় বাজ পড়ে মৃত্যু হল চারজনের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল নাগাদ পার শিবপুর গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃত ব্যক্তিদের নাম আসাতুল্লাহ শেখ (৮০), আনসার শেখ (৪৫), একরামুল শেখ (৮০) এবং কচি শেখ (২৫)। মৃত ব্যক্তিদের বাড়ি মালদা জেলার পারলালপুর এবং শোভাপুর গ্রামে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ মালদার বৈষ্ণবনগর থানার পার শিবপুর গ্রামের ঘাট থেকে একটি নৌকা প্রায় ২৫ -৩০ জন যাত্রী নিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান ঘাটের উদ্দেশ্যে যাত্রা করার জন্য দাঁড়িয়েছিল। তখন হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় মাঝি নৌকা ছাড়তে পারেননি। 

    ঝড় বৃষ্টির সময় কয়েকজন ব্যক্তি ছাতা মাথায় নৌকার উপর দাঁড়িয়ে ছিল। বাকি কয়েকজন ব্যক্তি ঘাটের কাছে একটি ছোট গুমটি ঘরে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য বসেছিলেন। 

    জানা গিয়েছে, সেই সময় ঘাটের কাছে একটি বাজ পড়ে। এই ঘটনায় নৌকার মাঝি কচি শেখ সহ মোট তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাজের আঘাতে কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

    গঙ্গার ঘাটে বাজ পড়ার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত এলাকায় ছুটে আসেন। সেখান থেকেই গুরুতর আহত অবস্থায় প্রায় ১৫ জনকে উদ্ধার করে মুর্শিদাবাদের অনুপনগর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদেরকে মালদার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। 

    নৌকার মাঝি কচি শেখের এক আত্মীয় বলেন,"পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য কচি নৌকার মাঝির কাজ করত। আজ বৃষ্টির সময় সে আরও কয়েকজনের সঙ্গে পার শিবপুর ঘাটের কাছে একটি গুমটি ঘরে বসেছিল। সেই সময় ঘাটের কাছে বাজ পড়ে। বাকিদের সঙ্গে তাঁরও মৃত্যু হয়।" বাজ পড়ার ঘটনায় একসঙ্গে এত জনের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

     জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, মৃতদেহগুলো ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একাধিক ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। 

    অন্যদিকে, কাঁচরাপাড়ায় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু। প্রবল বৃষ্টির মধ্যে স্থানীয় মাঠের পাশে এক গাছ তলায় আশ্রয় নিয়েছিলেন কয়েকজন যুবক। সেখানেই বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়। 

    জানা গিয়েছে, কাঁচরাপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায় মঙ্গলবার আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তখন স্থানীয় যুবক বিবেক সরকার (৩৫) সহ আরও বেশ কয়েকজন মাঠেরই পাশে একটি গাছের তলায় আশ্রয় নেন। 

    ঠিক সেই সময় আচমকা বজ্রপাতে মুহূর্তেই বিবেক লুটিয়ে পড়েন। আরও দুই যুবক বাজের ঝলকানিতে আঘাতপ্রাপ্ত হলেও তাদের শারীরিক কোনও ক্ষতি হয়নি। কিন্তু বিবেক গুরুতর ভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই দেখে দ্রুত স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি কাঁচরাপাড়ার জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতালে নিয়ে যান। 

    তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার পরিজনদের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া।
  • Link to this news (আজকাল)