• বুধবারও বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা!
    আজকাল | ২৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দেশের অধিকাংশ রাজ্যেই এই চিত্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের অনেকগুলি রাজ্যতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয়। বুধবার দেশের পশ্চিম উপকূল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের এই অঞ্চলগুলিতে চলবে বর্ষার দাপট। তবে এর পাশাপাশি উত্তরপ্রদেশ ও বিদর্ভের একাংশে এখনও জারি থাকবে তীব্র তাপপ্রবাহ।

    কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি?

    হাওয়া অফিসের পূর্বাভাস, দেশের বিভিন্ন রাজ্যে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে-

    পশ্চিম উপকূল ও দক্ষিণ ভারত: ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোঙ্কন, গোয়া, উপকূলীয় কর্ণাটক এবং কেরালায়। মুম্বইতেও ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। এছাড়া তেলঙ্গনাতেও কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে। আগামী কয়েকদিনেও বজায় থাকবে একই পরিস্থিতি।

    উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গ: অসম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ ও সিকিমে হিমালয়ের পাদদেশ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    অন্যান্য রাজ্য: বিহার, ওড়িশা, মহারাষ্ট্রের মারাঠওয়াড়া এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    তবে শুধু বৃষ্টি নয়, দেশের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুত-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব থেকে শুরু করে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশার কিছু অংশেও বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিহারের কিছু এলাকাতেই বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা।

    কোথায় দাবদাহ?

    দেশের বিস্তীর্ণ অংশ যখন বর্ষার দাপট দেখবে, তখন উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এবং বিদর্ভের কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে। বইতে পারে লু। আবহাওয়াবিদদের মত, আগামী কিছুদিন এখনও এই অঞ্চলগুলিতে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারা সপ্তাহ জুড়েই দেশের অধিকাংশ এলাকায় বর্ষার এই সক্রিয়তা দেখা যাবে। অর্থাৎ, একদিকে যেমন ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, অন্যদিকে দেশের কিছু অংশে দাবদাহের পরিস্থিতি দেখা যাবে।
  • Link to this news (আজকাল)