মালদায় ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবোঝাই নৌকায় বাজ পড়ে মৃত ৪
আজ তক | ২৪ জুন ২০২৬
মালদায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বলি ৪ জন। বাজ পড়ার জেরে প্রাণ গেল তাঁদের। আহত অনেকে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছ। বাজ পড়ার সময় নৌকার মধ্যেই ছিলেন যাত্রীরা। আর তার জেরেই দুর্ঘটনা।
ঘটনা মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত শিবপুর ঘাটের। ধুলিয়ান ফেরিঘাটের দিক থেকে আসছিল যাত্রীবাহী নৌকা। নদীতে যখন নৌকা চলছিল তখনই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জল-ঝড়ের মধ্যেই নৌকাটি আসছিল। শিবপুর ঘাটের কাছেই দুর্ঘটনা। সবে নৌকাটি থেমেছে। যাত্রীরা নামতে শুরু করেছেন। তখনই বাজ পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বজ্রাঘাতে নৌকাতে থাকা যাত্রীদের মধ্যে ৪ জন মারা যান তখনই। বাকি যাত্রীদের মধ্যে প্রায় ১৯ জন আহত। বাজ পড়ার সঙ্গে সঙ্গে নৌকায় থাকা যাত্রীদের প্রায় সবাই মাটিতে লুটিয়ে পড়েছিলেন। তাঁদের ধুলিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফে। বাকিদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত অনুপনগর বিপিএইচসিতে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
জঙ্গিপুরের পুলিশ সুপার এই বিষয়ে জানান, তাঁরা ঘটনার তদন্ত করছেন। তাঁদের কর্মীরা হাসপাতালে রয়েছেন। প্রশাসন সব রকমের সাহায্য করবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে মালদা আসছিল নৌকাটি। ধুলিয়ান থেকে ছাড়ার সময় আবহাওয়া ঠিক ছিল। তবে মাঝ রাস্তায় বিগড়ে যায়। আকাশ কালো করে মেঘ আসে। ঝড়ও ওঠে। তারপর শুরু হয় বৃষ্টি। নৌকাটি পাড়ে এসেও গিয়েছিল। যাত্রীরা নামতে যাবেন ঠিক তখনই বিকট শব্দ করে বাজ পড়ে। আর তাতেই এই দুর্ঘটনা।
প্রসঙ্গত, এদিন দুপুরে দুর্যোগের সাক্ষী থাকে কলকাতাও। বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ। জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে উপড়ে পড়ে গাছ। হাইকোর্ট চত্বরেও একই ছবি দেখা যায়। তবে গাছ কেটে রাস্তা সাফাইয়ের কাজ শুরু হয় দ্রুত। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।