বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই সিভিক ভলান্টিয়ারের, মাথায় হেলমেট থাকলেও হল না শেষরক্ষা
News18 বাংলা | ২৪ জুন ২০২৬
প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন দুই সিভিক ভলান্টিয়ার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহের গাজোল এলাকায়। পুরাতন মালদহের নিত্যানন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস এলাকায় লরির ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অশোক মণ্ডল বাড়ি গাজোলের বিলাইকন্দর এবং চিরঞ্জিত মুর্মু বাড়ি গাজোলের বড়বাড়ি। দুজনেই গাজোল থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার ছিলেন। সোমবার রাতে মালদহ পুলিশ লাইনে প্রশিক্ষণ কর্মসূচি শেষ করে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় নিত্যানন্দপুর বাইপাস এলাকায় পিছন দিক থেকে দ্রুতগতির একটি লরি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা মারে বলে অভিযোগ।
সংঘর্ষের জেরে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন দুই যুবক। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদহ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে দুজনেরই মৃত্যু হয়। মৃতদের মাথায় হেলমেট থাকলেও দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত তাঁদের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় পরিবার-পরিজন এবং সহকর্মীদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। মৃত অশোক মণ্ডলের আত্মীয় রাজকুমার মণ্ডল জানান, পুলিশ লাইনে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময় নিত্যানন্দপুর বাইপাস এলাকায় একটি গাজোলগামী লরি পিছন থেকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, চালকের গাফিলতি ছিল কি না এবং লরির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।