আকাশ ফালা হয়ে নৌকার উপর বজ্রাঘাত! গঙ্গার ঘাটেই লুটিয়ে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত আরও ১৫
News18 বাংলা | ২৪ জুন ২০২৬
নৌকার উপর বজ্রাঘাত, গঙ্গার ঘাটেই লুটিয়ে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত আরও অনেকে। ঘটনাটি ঘটেছে মালদহে গঙ্গার ঘাটে। মঙ্গলবার বিকেলে ধুলিয়ান থেকে মালদহের পারলালপুর ঘাটের উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীবাহী নৌকাটি। গন্তব্যে পৌঁছনোর মুহূর্তেই শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি, তখনই এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পারলালপুর ঘাটে পৌঁছেছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা আকাশ কালো মেঘে ঢেকে যায়, নামে প্রবল বৃষ্টি, শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত, আর সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ বিকট শব্দ, আলোর ঝলকানিতে চোখে ধাঁধাঁ লেগে যায় যাত্রীদের। ঘাটে নামতেই মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন একাধিক যাত্রী, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়, গুরুতর জখম আরও অন্তত ১৫ জন। বজ্রাঘাতে আহতদের আর্তচিৎকারে মুহূর্তে শোক ও আতঙ্কে ঢেকে যায় গোটা ঘাট চত্বর। স্বজনদের কান্না, ছুটোছুটি আর অসহায় চিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশ জানিয়েছে মৃতদের নাম, আসাতুল্লাহ শেখের (৮০), বাড়ি মালদার পাড় দাওনাপুর, আমসুর শেখ (৪৫), বাড়ি মালদার পার দাওনাপুরের চৌধুরী পাড়া, একরামুল শেখ (৮০), বাড়ি মালদহের শোভাপুর এবং কচি শেখ (২৫), বাড়ি মালদহের পার দাওনাপুর।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের উদ্যোগে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের মালদহের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অধিকাংশকেই শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই আকস্মিক ঘটনায় ধুলিয়ান পারলালপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যারা কয়েক মুহূর্ত আগেও পরিবারের কাছে ফেরার স্বপ্ন নিয়ে নৌকায় চেপেছিলেন, তাদের মধ্যেই অনেকেই আর বাড়ি ফিরতে পারলেন না। স্বজন হারানোর যন্ত্রণা আর আহতদের জীবন-মৃত্যুর লড়াইয়ে স্তব্ধ দুই পাড়ের মানুষ।