দুর্গাপুরে তৈরি হবে সেমি-কন্ডাক্টর, আশায় বুক বাঁধছে বঙ্গবাসী
দৈনিক স্টেটসম্যান | ২৪ জুন ২০২৬
বর্তমান সময়ে দাঁড়িয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল সেমি কন্ডাক্টর। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে এদিকে, হাতে বিপুল পরিমাণ অর্থ নিয়ে। মোবাইলের চিপ থেকে শুরু করে গাড়ির ব্যাটারি এমনকী ল্যাপটপ, কম্পিউটার সর্বত্রই সেমি কন্ডাক্টরের প্রয়োজনীয়তা রয়েছে। এমনকী ইলেকট্রনিক্স ভেহিকলস যা নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বে রমরমা সেখানেও এর প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণে চলতি বছরের রাজ্য বাজেটে সেমি কন্ডাক্টর সেক্টরকে বিশেষ গুরুত্ব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, দুর্গাপুরে তৈরি হবে সেমি কন্ডাক্টর ম্যানুফেকচারিং ইউনিট।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, দুর্গাপুরে বড় সেমি কন্ডাক্টর কারখানা তৈরি হলে তাকে ঘিরে গড়ে উঠবে বহু অনুসারি শিল্প। তৈরি হবে বিপুল পরিমাণ কর্মসংস্থান। এদিন অর্থমন্ত্রী বাজেটে সেমি কন্ডাক্টর কারখানার পাশাপাশি দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার গড়ার কথাও ঘোষণা করেছেন। চলতি বছরে কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমন বিশেষ গুরুত্ব দিয়েছিলেন দুর্গাপুরকে। আর তারপরে রাজ্যের অর্থমন্ত্রীও দুর্গাপুরকে কেন্দ্র করে বিশেষ ঘোষণা করেছেন। আর তাই নিয়ে আশায় বুক বাঁধছেন দুর্গাপুরের বেকার যুবক-যুবতীরা।
দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকার মিলে দুর্গাপুরকে সাজিয়ে তুলবে। দীর্ঘদিন ধরে দুর্গাপুরের মানুষ বিজেপিকে সমর্থন করে আসছেন। এবার তার সুফল মিলতে শুরু করেছে।’ এর আগে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বের কারণে দুর্গাপুরে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই সেই চিত্রের বদল ঘটে। এবার রাজ্য বাজেটের হাত ধরে দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলেই অনেকে মনে করছেন।
অর্থনৈতিক বিশেষজ্ঞরাও বেশ আশাবাদী। তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার দুর্গাপুরকে কেন্দ্র করে যদি পাঁচ রাজ্যজুড়ে ইন্ডাস্ট্রিয়াল করিডোর গড়ে তাহলে পণ্য পরিবহণ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে। একবার দুর্গাপুরে সেমি কন্ডাক্টর হাব তৈরি হয়ে গেলে তাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক বাজার তৈরি হবে বলে মনে করছেন অনেকে।