• ‘ডিজে মামলা’য় ফের হাজিরা, এ বার অভিষেককে দিতে হবে কণ্ঠস্বর!
    এই সময় | ২৪ জুন ২০২৬
  • ‘ডিজে মামলা’ অর্থাৎ, নির্বাচনের সময়ে উস্কানিমূলক ভাষণ দেওয়ার মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের কণ্ঠস্বর পরীক্ষা করতে চায় CID। মঙ্গলবার বিধাননগর আদালত CID-র Sই আবেদন মঞ্জুর করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জুন সশরীর হাজিরা দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতে হবে।

    ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতেই এই নমুনা রেকর্ড করা হবে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে তাঁর বিতর্কিত ‘ডিজে’ মন্তব্য নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি FIR দায়ের হয়েছিল। পরে সেই মামলার তদন্তভার যায় CID-র হাতে।

    এই মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই CID অভিষেকের নির্বাচনী ভাষণের ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করেছে ও বিশ্লেষণ করেছে। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা হাতে এলে, সেই নির্বাচনী ভাষণের রেকর্ডিং বা ভিডিয়োর সঙ্গে তাঁর কণ্ঠ মিলিয়ে দেখা হবে।

    এর আগে ১৬ জুন ভবানী ভবনে গিয়েছিলেন অভিষেক। CID তাঁকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। শুধু তাই নয়, এই ভাষণের ভিডিয়ো আপলোডের নেপথ্যে কার ভূমিকা ছিল, তা জানতে অভিষেকের পিসতুতো বোন আদিতি গায়েনের বাড়িতে গিয়ে তাঁকেও প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।

    এই ঘটনায় স্বভাবতই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেছে অভিষেক শিবির। তাদের বক্তব্য, নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের (EC) কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সেই সময়ে এই বিষয়ে কোনও FIR-ও করা হয়নি। অভিষেক প্রশ্ন তুলেছেন, একই ধরনের মন্তব্য করা সত্ত্বেও BJP-র শীর্ষ নেতাদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

  • Link to this news (এই সময়)