• বারাণসীতে নৌকায় চিকেন এবং বিয়ার পার্টির অভিযোগ, গ্রেপ্তার ৫
    এই সময় | ২৪ জুন ২০২৬
  • বারাণসীতে নৌকায় ফের ‘চিকেন পার্টি’ করার অভিযোগ। নৌকায় শুধু মুরগির মাংস নয়, তার সঙ্গে খাওয়া হয় বিয়ার-ও বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ‘চিকেন এবং বিয়ার পার্টি’-র ছবি। তার পরেই পদক্ষেপ করেছে বারাণসী পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে।

    দিন কয়েক আগেই বারাণসীতে গঙ্গা নদীতে ওই ‘চিকেন পার্টি’ করা হয় বলে অভিযোগ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার, দশাশ্বমেধ-এর এসিপি অতুল রঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, তদন্ত করে ওই ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করা গিয়েছে। সেই ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। সেই সঙ্গে যে নৌকায় ওই পার্টি করা হয় সেটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    সূত্রের খবর, বারাণসীতে গঙ্গা নদীতে যে নৌকায় চেপে ওই পার্টি করা হয় তা সত্যনারায়ণ সাহানি নামে স্থানীয় এক বিজেপি নেতার। ওই নৌকাতেই, নদীতে ঘোরার সময়ে মুরগির মাংস রান্না করেন অভিযুক্তরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল সমালোচনা। এই নিয়ে অভিযোগ দায়ের হয় দশাশ্বমেধ থানাতেও। এর ফলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বলেও অভিযোগ করা হয়। ওই মামলা দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ।

    আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দীপক কুমার, অজয় সাহানি, অরুণ কুমার সাহানি, অনুরাগ নিষাদ এবং রাহুল সাহানিকে। অভিযুক্তরা বারাণসী এবং রামনগর এলাকার বাসিন্দা।তাঁদের বয়স ২৫ থেকে ৩২-এর মধ্যে। ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    তবে, কবে ওই পার্টি করা হয় তা জানা যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিয়ো দেখে মনে করা হচ্ছে শীতের সময়ে তা করা হয়েছিল।

    এর আগে চলতি বছরের মার্চ মাসে বারাণসীতে মাঝ-গঙ্গায় ইফতার পার্টি করা হয়েছিল বলে অভিযোগ। সেই সময়ে নৌকায় বসে খাওয়া হয় চিকেন বিরিয়ানি। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল ওই ভিডিয়ো। তার পরেই দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ১৪ জনকে।

  • Link to this news (এই সময়)