• মহরম নিয়ে কড়া নির্দেশ লালবাজারের
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুন ২০২৬
  • মহরমের দিন কোনও ধরনের অস্ত্র প্রদর্শন নয়। শোভাযাত্রা থেকে বাজানো যাবে না ডিজে। তৈরি করা যাবে না অতি উচ্চতার তাজিয়া। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে দিতে হবে নজর। মঙ্গলবার প্রত্যেক থানাকে নির্দেশ দিল লালবাজার। আগামী শুক্রবার কলকাতা-সহ রাজ‌্যজুড়ে পালিত হবে মহরম। এদিন প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট ডিসি পদমর্যাদার আধিকারিকরা বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানানো হয়।

    লালবাজারের সূত্রে খবর, মহরমে নতুন কোনও শোভাযাত্রা করা যাবে না। বহু বছর ধরে যে শোভাযাত্রাগুলি বের হয়, সেগুলিকেই শুধু অনুমতি দেওয়া হবে। কোনও শোভাযাত্রায় কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। পুলিশের নির্দেশ, কোনও শোভাযাত্রায় তাজিয়ার উচ্চতা যেন অতিরিক্ত না হয়। সেই ক্ষেত্রে নজর রাখতে হবে, তাজিয়া এতটা যেন উঁচু না হয়, যাতে রাস্তায়  বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কোনও শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না।

    শোভাযাত্রা থেকে মাইক বাজলেও তা যেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাজানো হয় ও যাতে শব্দ দূষণ না হয়, সেদিকে নজর রাখতে হবে। মিছিল থেকে সংবেদনশীল কোনও বার্তা না দেওয়াই বাঞ্ছনীয়। এই বিষয়গুলির উপর থানার আধিকারিকদের নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়াও যাঁরা শোভাযাত্রা বের করবেন, তাঁদের সঙ্গেও যেন থানার আধিকারিকরা বৈঠক করেন, তা জানানো হয়েছে। শুক্রবার রাস্তায় অতিরিক্ত সংখ‌্যক পুলিশ মোতায়েন করছে লালবাজার। যে রাস্তাগুলি দিয়ে শোভাযাত্রা যাবে, সেই রাস্তাগুলির সব জায়গায় পুলিশ মোতায়েন করা হবে। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে বিশেষ নজর থাকবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)