পড়ুয়াদের বৃত্তির টাকা আত্মসাৎ, উত্তর দিনাজপুর থেকে ধৃত দুই
বর্তমান | ২৪ জুন ২০২৬
আজমির: রাজস্থানে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ কেন্দ্রের স্কলারশিপ ফান্ডের টাকা আত্মসাৎ। এই ঘটনায় সোমবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়ো নথি পেশ করে বৃত্তির টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতরা হল তওবার রহমান (৩৫) এবং সাহাজামান (২৫)। তাদের থেকে বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম ও প্রচুর ভুয়ো নথি উদ্ধার করেছে পুলিশ। রাজস্থান পুলিশ জানিয়েছে, ধৃতরা অনলাইনে আবেদনের ফাঁকফোকর খুঁজে বের করে জালিয়াতি চালাত। বিষয়টি নজরে আসতেই থানায় অভিযোগ দায়ের করেন আজমিরের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের এক আধিকারিক। দেখা গিয়েছে, ২০২১-২২ এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ভুয়ো নথি দিয়ে অর্থ তুলে নেয় অভিযুক্তরা। ঘটনায় সিট গঠন করে পুলিশ। সিটের প্রধান শিবম যোশি বলেন, প্রাথমিক তদন্তে সংখ্যালঘু বৃত্তি প্রকল্পে দুর্নীতি ধরা পড়েছে। আজমির জেলার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে পাঁচ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। কোভিড কালে সশরীরে পড়ুয়াদের হাজিরার সুযোগ ছিল না। অনলাইনে নথি যাচাই হয়েছে। তারই ফায়দা তোলে চক্রটি। আঙুলের ছাপ ও জাল পরিচয়পত্র দিয়ে ভুয়ো ডেটাবেস তৈরি করেছিল দুষ্কৃতীরা। ধৃতদের থেকে ৮৫টি সিম, ২টি ল্যাপটপ, ৭টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটিএম কার্ড ও ডিজিটাল নথি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।