• প্রকল্প ঘোষণার আগেই জমি কিনে ফেলেছে পরিবার, মুখ্যমন্ত্রীর দুর্নীতি ফাঁস মধ্যপ্রদেশে
    বর্তমান | ২৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মেগা সিটি’ প্রকল্প ঘোষিত হয়েছিল মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। ২০২৩ সালে ঘোষিত ওই প্রকল্পের নাম উজ্জয়িনী মাস্টার প্ল্যান ২০৩৫। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, রিয়েল এস্টেট, জমির চরিত্রবদল ইত্যাদি পরিকল্পনা অন্তর্ভুক্ত এই প্রকল্পের। স্বাভাবিকভাবেই যে কোনো শহরে যদি বৃহৎ পরিকাঠামো উন্নয়নের সরকারি পরিকল্পনা হয়, তৎক্ষণাৎ সেই এলাকায় সর্বাগ্রে বৃদ্ধি পায় জমির দাম। সেকথা মাথায় রেখে উজ্জয়িনীতে বিপুল জমি কিনে রেখেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মোহন যাদব স্বয়ং। নিজের গোটা পরিবার ও আত্মীয়র নামে কয়েকশ একর জমি কিনে তা বিভিন্ন সংস্থাকে বহুগুণ বেশি দামে বিক্রি করে তিনি বিপুল মুনাফা করেছেন বলেই অভিযোগ। মোহন যাদবের স্ত্রী সীমা যাদব, পুত্র, পুত্রবধূ, দুই ভাই, ভ্রাতৃবধূ, ভাইপো, দুই সম্পর্কিত ভাই—সকলের নামেই জমি কেনা হয়েছে। এই একই ফরমুলা দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়। রামমন্দির রায় আসার আগে থেকেই সেখানে বিজেপি নেতাকর্মীরা অবাধে প্রচুর জমি কিনে ফেলে। এমনকি সকালে একটি জমি কিনে বিকেলে ২০ কোটি টাকা মুনাফায় বিক্রি করার অভিযোগও উঠেছিল সেখানে। 

    কংগ্রেসের দাবি, অবিলম্বে মোহন যাদবকে পদত্যাগ করতে হবে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্তও শুরু করা দরকার। কারণ, মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি মধ্যপ্রদেশের পর্যটন ও পরিকাঠামো মন্ত্রী ছিলেন। ২০২৩ সালে ওই মেগা সিটি মাস্টারপ্ল্যান প্রকল্প ঘোষণা করা হয়েছিল। তিনি তখন ওই দপ্তরের মন্ত্রী। এখানেই শেষ নয়, ৮৫ একর জমি পৃথকভাবে তিনি ক্রয় করেছিলেন ২০২১ সালে। তখন তিনি শিক্ষামন্ত্রীর পদে। অর্থাৎ উজ্জয়িনীর কোথাও মেগাসিটি প্রকল্প হবে সেটা আগাম জেনে গিয়েই ঠিক সেই স্থানের আশেপাশেই কখনও ৮৫ একর, কখনও ১৭৯ একর জমি কিনে রেখেছিলেন।

    ২০২৪ সালের জানুয়ারিতে অর্থাৎ মোহন মুখ্যমন্ত্রী হওয়ার ঠিক এক মাসের মধ্যেই রাজ্য সরকার উজ্জয়িনীর এই এলাকায় একঝাঁক প্রকল্প ঘোষণা করে। উজ্জয়িনীতে ১৭ একর জমি একা মুখ্যমন্ত্রীর নামেই রয়েছে। তাঁর পারিবারিক কোম্পানির নামেও কেনা হয়েছে জমি। আর মাস্টার প্ল্যান ঘোষণা হওয়ার কয়েক মাসের মধ্যেই একঝাঁক জমি বিক্রি করে দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ—অযোধ্যা থেকে উজ্জয়িনী, তীর্থস্থানকে নিজেদের দুর্নীতির কেন্দ্র বানিয়ে রেখেছে বিজেপি।
  • Link to this news (বর্তমান)