উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ জাপানের ওসাকা ইউনিভার্সিটির
বর্তমান | ২৪ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন জাপানে গিয়ে গবেষণা, পড়াশোনা করতে পারবেন। মঙ্গলবার জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করে এনবিইউ’র রসায়ন বিভাগ। ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এখানে এসে যেমন পাঠ নিতে পারবেন, ঠিক একইভাবে এখানকার ছাত্রছাত্রীরা ওসাকাতে গিয়ে পড়তে পারবেন। ফলে আগামী দিনে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হল বলে জানিয়েছে এনবিইউ কর্তৃপক্ষ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওসাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস শুধু জাপানেই নেই। বিশ্বের একাধিক দেশে তাদের ক্যাম্পাস আছে। প্রত্যেকটি জায়গা থেকেই বিশ্বমানের গবেষণার পাশাপাশি উন্নত প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা করানো হয়। এছাড়াও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একাধিক কাজ তারা করে থাকে। দীর্ঘদিন ধরেই এ বিষয়ে জাপানের ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা হচ্ছিল। উভয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মানোন্নয়নের লক্ষ্যে এই পথচলা শুরু হল এদিন।
ওসাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ওসাকা বিশ্ববিদ্যালয়ের তরফে উপস্থিত ছিলেন সেখানকার ডিন তাকাশি কুবো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চিফ আতসুসি তাকাহাসি, স্কুল অব সায়েন্স বিভাগের অধ্যাপক নোবুতো অসিনারি। অন্যদিকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ভাস্কর বিশ্বাস, রসায়ন বিভাগের অধ্যাপক এবং পড়ুয়া ও গবেষকরা। তাঁদের মধ্যে নানা বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। কীভাবে দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পাঠ নিতে পারবেন, গবেষণা করতে পারবেন তা জানানো হয়। তবে এনবিইউ’র উপাচার্য না থাকায় দুই বিশ্ববিদ্যালয় দ্বৈত ডিগ্রি চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এদিন আমরা মউ স্বাক্ষর করেছি। এর ফলে দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষার উন্নতি হবে। • ফাইল চিত্র।