রাজ্যে ৪৪ হাজারের বেশি কর্মচারী কেন্দ্রীয় রোজগার যোজনার আওতায়, দাবি
বর্তমান | ২৪ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’র আওতায় ২ হাজার ৪০০ কোটি টাকার আর্থিক সুবিধা প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আর্থিক সুবিধা প্রদান কর্মসূচিতে অংশ নেন। এই প্রকল্পের আওতায় সংগঠিত ক্ষেত্রে নতুন করে চাকরি পাওয়া কর্মীদের পিএফ সংক্রান্ত আর্থিক সুবিধা প্রদান করার কথা কেন্দ্রের। একই সঙ্গে যেসব সংস্থা নতুন করে কর্মচারী নিয়োগের পথে হাঁটছে, আর্থিক সুরাহা পাবে তারাও। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে যাঁরা নতুন চাকরি পেয়েছেন, তাঁদের ৪৪ হাজার ৬৭৯ জনকে এই সুবিধা প্রদান করা হয়েছে। ২০২৫ সালের ১ আগস্ট থেকে চালু হওয়া স্কিমটির দ্বিতীয় কিস্তির টাকা পেলেন তারা। তাঁদের দেওয়া অর্থের পরিমাণ ১৭ কোটি ৫২ লক্ষ টাকা। অন্যদিকে, চাকরি প্রদানকারী ৩ হাজার ৪৯৯টি সংস্থাকে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’র আওতায় ৬২ কোটি ৮৯ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে রাজ্যে।
প্রধানমন্ত্রী দিল্লি থেকে প্রকল্পটির আওতায় থাকা সুবিধাভোগীদের আর্থিক সুবিধা প্রদান করলেও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-এর আওতায় থাকা দেশের সমস্ত আঞ্চলিক অফিস আলাদা আলাদা করে অনুষ্ঠানের আয়োজন করে এবং ভার্চুয়াল ব্যবস্থায় দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানটির সম্প্রচার করে। কলকাতার সল্টলেক অফিসের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ইএসআইসি অডিটোরিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন এরাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দীপঙ্কর জানা। হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শরৎ সদনে। সেখানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই।