• দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ সম্পত্তি বাজেয়াপ্ত করতে বিল
    বর্তমান | ২৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে, তাঁদের শুধু গ্রেপ্তার করাই নয়, আরও বড়ো পদক্ষেপ করা হবে, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, গুন্ডা-তোলাবাজরা কেউ জেলের বাইরে থাকবে না। আমাদের সরকার একটা বিল আনছে। এই অধিবেশনের শেষ দিনে বিলটি আনা হবে। আমার স্বরাষ্ট্র দপ্তর এই বিল আনবে। যে বিলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, অনেকেই ভাবছেন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর দু’মাস জেলে থাকব, তারপর জামিনে ছাড়া পেয়ে যাব। কিন্তু তাঁদের মনে রাখতে হবে এবার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তারপর সেই সম্পত্তি নিলাম করা হবে। পাশাপাশি কারও নাম না নিলেও শুভেন্দুর একটি বক্তব্যকে ঘিরে অনেকেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। যেখানে সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত বিষয়ে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, হরিশ চ্যাটার্জি রোড, হরিশ মুখার্জি রোড সহ আমতলার প্রাসাদগুলিতে রাখা হবে সেই সমস্ত মানুষদের, যাঁরা কলকাতায় উড়ালপুলের নীচে কিংবা রাতে রাস্তায় থাকেন। এমনকি, শুভেন্দুর তীব্র আক্রমণ, ‘লাল চুল কানে দুল, যুবা তৃণমূল’, যারা দুর্নীতি করেছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না। সব দুর্নীতির তদন্ত হবে।
  • Link to this news (বর্তমান)