নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) কম্পিউটার ও তার নেটওয়ার্ক পরিকাঠামোর উন্নতির জন্য আর্থিক অনুদান দিল ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট নামে একটি সংস্থা। এই সংস্থাটির প্রধান প্রোমোটার বন্ধন ব্যাংক। বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ মঙ্গলবার আইএসআইয়ের বরানগর ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে ৬ কোটি ৩০ লক্ষ টাকার চেক তুলে দেন। আইএসআইয়ের পক্ষ তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। আইএসআইয়ের ডিরেক্টর অমর্ত্যকুমার দত্ত, চন্দ্রশেখর ঘোষ এবং ট্রাস্টের সিইও শুভ্রাংশু সান্যাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আইএসআইয়ে কম্পিউটার সংক্রান্ত দক্ষতা, উন্নত গবেষণা ও ডেটা সংক্রান্ত পড়াশোনার কাজ এই অনুদান পাওয়ার ফলে আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।